ঢাকা, নভেম্বর ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দুর্নীতির কারণে দেশ ‘শাসনের অযোগ্য’ হয়ে পড়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে মহিলা দলের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল বলেন, “পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুট, হলমার্ক কেলেঙ্কারি, পদ্মাসেতু প্রকল্প ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতিতে দেশে এক ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। সরকারের এহেন দুর্নীতির কারণে দেশ শাসনের অযোগ্য হয়ে পড়েছে।”
কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভায় সারাদেশ থেকে ৭৫টি সাংগঠনিক কমিটির আড়াইশ’ প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
মির্জা ফখরুল অভিযোগ করেন, “বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিরোধী দলের জাতীয় নেতাদের নির্বাচন থেকে দূরে রেখে একদলীয় নির্বাচন করার চক্রান্ত করছে।”
গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে আইন সংশোধনের সমালোচনা করে ফখরুল বলেন, “এর মাধ্যমে সরকার প্রত্যক্ষভাবে মহিলাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। গ্রামীন ব্যাংকের নারীদের পরিচালনা পর্যদ গঠনের যে ক্ষমতা ও অধিকার ছিল, তা সরকার কেড়ে নিয়ে গেছে। এটা জনগণের কাছে গ্রহনযোগ্য নয়।”
সরকারকে হটাতে মহিলা দলকে ঐক্যবদ্ধ আহবানও জানান ফখরুল।
সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সেলিমা রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা রাব্বানী, মহিলা দলের সহসভাপতি রাবেয়া সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
সাধারণ সভায় নেতাদের মধ্যে মহিলা দলের আফরোজা আব্বাসী, ম্যামা চিং, নার্গিস আলী, রওশন আরা ফরিদ, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীন, হালিমা বেগম, রাশেদা বেগম হীরা, রুমানা আহমেদ, নুর জাহান মাহবুব, নেওয়াজ আলী নার্গিস, বিলকিস ইসলাম, বিলকিস জাহান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪৩৮ ঘ.
bdnews24