এস এম নাদিম মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের সময় অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ সদস্যকে পিটুনি দেয়া যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতা বলে দাবি করেছে পুলিশ।
ওই যুবককে শিবিরের রাবি শাখার ক্রীড়া সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম তুহিন বলে পুলিশ চিহ্নিত করলেও তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
মঙ্গলবার বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংঘর্ষের সময় মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম নামে দু’ কনস্টেবলের কাছে থেকে অস্ত্র কেড়ে নেয় এক যুবক।
পরে মোশারফের অস্ত্রটি দিয়ে (বাট নাম্বার ৩৫৮) দুই পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনি দেয় যুবকটি এবং ওই অস্ত্রটি ভেঙে ফেলে। হামলায় গুরুতর আহত ওই দুই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ওপর হামলার ওই ছবি বিভিন্ন সংবাদপত্রে বুধবার ছাপা হয়। এরপর ওই যুবককে সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নামে বলে জানান বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা ওই শিবির নেতাকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।”
পত্রিকায় প্রকাশিত ছবির যুবককে দেখতে তুহিনের ‘মতো’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন রাবি শিবিরের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন ইয়াহিয়া।
তবে তিনি দাবি করেন, তুহিন ওই সময় তার গ্রামের বাড়িতে ছিলেন।
পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও নজরুল ইসলাম জামায়াত ও শিবিরের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ প্রায় চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১৪১ ঘ.
bdnews24