ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, যুক্তরাষ্ট্রে অনেক কিছু সম্ভব হলেও এখানে সম্ভব নয়।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হলেও বাংলাদেশে তা কোনোভাবেই সম্ভব নয়।
বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, সেখানে বারাক ওবামার অধীনে নির্বাচন হলে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধীনে কেন তা হবে না। জবাবে আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে একভাবে দেখলে চলবে না। দুই দেশের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে।”
“যুক্তরাষ্ট্রের বারাক ওবামা তার প্রতিদ্বন্দ্বী মিট রমনির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। বিরোধী দলের সভা-সমাবেশ বাধা দিতে পুলিশ ব্যবহার করেননি। অন্যদিকে দেশের ক্ষমতাসীনরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কাজে নেমেছে। সেজন্য বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘৭ নভেম্বরে বিপ্লবের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ভারত নীতি বদলেছে
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফরকে ঐতিহাসিক অভিহিত করে বলেন, “বিএনপির প্রতিবেশ বৃহৎ রাষ্ট্র ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। একইসঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে নীতি পরিবর্তনের জন্য ভারতকে অভিনন্দন জানাই। তারা বলেছে, কোনো বিশেষ দল নয়, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়।”
সম্প্রতি ভারত সরকারের আমন্ত্রণে খালেদা জিয়া নয়া দিল্লি যান।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ‘র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৪৫ ঘ.
bdnews24