বরগুনা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর গ্রেপ্তার এক নেতাকে থানায় উপপরিদর্শকের আসনে বসতে দেয়ার ঘটনায় বরগুনা সদর থানার ওসি জাকির হোসেন ফকিরকে প্রত্যাহার করা হয়েছে।
জাকির হোসেনকে বৃহস্পতিবার প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার স্থলে ওসির দায়িত্ব দেয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায়কে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ সাংবাদিকদের বলেন, “পত্রিকা ও গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ এবং তদন্তে ওসির গাফিলতি পাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।”
বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি আফজালুর রহমানকে খাতির করায় ওসির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত রোববার রাতে জামায়াত নেতা আফজালকে তার খাজুরতলার বাসা থেকে গ্রেপ্তার করে থানায় আনে পুলিশ। পরদিন থানায় তাকে পুলিশ কর্মকর্তার চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।
সংবাদপত্রে এই ছবি প্রকাশের পর পুলিশের ব্যাপক সমালোচনা ওঠে।
তবে ওসি জাকির সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের পর আফজাল হাজত খানায়ই ছিলেন। তিনি অসুস্থ বোধ করার কথা জানালে তাকে হাজতখানা থেকে বের করা হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য সাংবাদিকদের বলেন, রাত থেকে সকাল পর্যন্ত চেয়ারেই বসে ছিলেন আফজাল। রাতের ডিউটি অফিসার আবু হানিফ সকালে ওই অবস্থাতেই জামায়াত নেতাকে সকালের ডিউটি অফিসার মো. নুরুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
সহকারী উপ-পরিদর্শক আবু হানিফ ও মো. নুরুজ্জামানকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগের দিন তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার শ্যামল বলেন, “তদন্ত করে যাদের দোষ পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.
bdnews24