২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতারুজ্জামানের প্রতি চট্টগ্রামবাসীর শেষশ্রদ্ধা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আনোয়ারার সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শেষশ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আনোয়ারার সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শেষশ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সর্বস্তরের মানুষ। মঙ্গলবার বিকালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর দ্বিতীয় নামাজে জানাজা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এ নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। জানাজা শেষে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বাবুকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে দুপুর ১টায় সাংসদ আখতারুজ্জামের কফিন ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে পৌঁছায়। নামাজে জানাজায় মন্ত্রী ওবায়দুল কাদের, ডা. আফসারুল আমীন, ড. হাছান মাহমুদ, জাঙ্গীর কবির নানক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সংসদ সদস্যদের মধ্যে নুরুল ইসলাম বিএসসি, ফজলে করিম চৌধুরী, আবুল কাসেম মাস্টার ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া নগর বিএনপি’র সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনোয়ারুল আজিম আরিফ, ওয়ার্কার্স পার্টি নেতা অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় আখতারুজ্জামান চৌধুরীর প্রথম জানাজা হয় জাতীয় সংসদ ভবন চত্বরে। দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী আখতারুজ্জামান চৌধুরী। সোমবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছে। চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত সাংসদ আক্তারুজ্জামান পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ১৯৭৭ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। বুধবার পটিয়ার এ জে চৌধুরী কলেজ মাঠ, আনোয়ারা হাই স্কুল মাঠ এবং আনোয়ারার বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএল/২১৩৬ ঘ.