২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুখরঞ্জনের সন্ধানে রিট আবেদন হবে’

দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসার পর আদালত প্রাঙ্গণ থেকে ‘উঠিয়ে নিয়ে যাওয়া’ সুখরঞ্জন বালীর সন্ধান চেয়ে হাই কোর্টে হেবিয়াস করপাস রিট আরেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসার পর আদালত প্রাঙ্গণ থেকে ‘উঠিয়ে নিয়ে যাওয়া’ সুখরঞ্জন বালীর সন্ধান চেয়ে হাই কোর্টে হেবিয়াস করপাস রিট আরেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুখরঞ্জনের পরিবার ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে। আমরা একটি হেবিয়াস করপাস দায়ের করব।” হেবিয়াস করপাস একটি বিশেষ ধরনের রিট আবেদন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার প্রার্থনা জানিয়ে এই রিট দায়ের করা হয়। বিএনপি নেতা ইলিয়াস আলী অন্তর্ধানের পর তার স্ত্রী হাই কোর্টে এ ধরনের একটি আবেদন করেছিলেন। হাই কোর্ট এ বিষয়ে রুলও জারি করেছিল। তবে ওই রিটের বিবাদী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতকে জানায় যে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই। সংবাদ সম্মেলনে ‘সুখরঞ্জনের সঙ্গে গাড়িতে থাকা’ সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, “সুখরঞ্জন আমার সঙ্গে গাড়িতে করে আসছিল। প্রায় ১৫ জন পুলিশের সামনে থেকে সাদা পোশাকধারী লোকেরা তাকে আমার গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যায়।” তিনি দাবি করেন, পেছনে পুলিশ লেখা একটি গাড়ির ভিতরে সুখরঞ্জন বসে আছেন- এমন ছবিও তাদের কাছে আছে। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সাঈদীর মামলায় যুক্তিতর্কের শুনানি করার জন্য খন্দকার মাহবুব হোসেনও সোমবার ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চাই, ট্রাইব্যুনালে স্বচ্ছ বিচার হবে। কিন্তু সেখানে যা হচ্ছে, তাতে ট্রাইব্যুনালে বিচারের ফল যাই হোক, তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।” “কাল আইনজীবী অভিযোগ করার পরই আদালতের উচিত ছিল, ওই মুহূর্তে সাক্ষীকে আদালতে হাজির করার আদেশ দেওয়া। কিন্তু ট্রাইব্যুনাল তা দিলেন না। “এতে এই বার্তাই গেল যে, সরকারের ইচ্ছার বিরুদ্ধে কোনো সাক্ষী আনা হলে তাকে গুম হয়ে যেতে হবে। সুখরঞ্জন বালীর কোন খোঁজ না পেলে ডিফেন্স কোনো সাক্ষী পাবে না। এই বিচার প্রহসনের বিচারে পরিণত হবে।” ওই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্জন করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাঈদীর আইনজীবীর অভিযোগ শুনে বিচারক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। ট্রাইব্যুনালের আদেশে খোঁজ-খবর নিয়ে সোমবার মধ্যাহ্ন বিরতির কিছু সময় আগে বেলা ১টার দিকে গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, তিনি ফটকে উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সাক্ষীকে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনার কথা কেউ তাকে জানাতে পারেননি। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় প্রধান প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদ শুরু করলে আদালতে হট্টগোলও বাঁধে। সুখরঞ্জনের বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেরনে টিএইচ খান, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ফাহিমা নাসরিন মুন্নী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৫৭ ঘ.