ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মতো কয়েকটি জেলায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকালে জামায়াত সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছিল। ওই কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এ সব সংঘর্ষে প্রায় একশ জন আহত হন। গ্রেপ্তার করা হয় দুই শতাধিক নেতা-কর্মীকে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং জামায়াতের নয়জন শীর্ষ নেতার মুক্তির দাবিতে এই বিক্ষোভ ডাকে দলটি।
ঢাকায় জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিকালে রাজধানীর মতিঝিল এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। মতিঝিলে ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা।
বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা
: নগরীতে জামায়াত মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় আটক করা হয়েছে ১০ জামায়াতকর্মীকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মহানগর জামায়াত ইসলামী নগরীর ডাকবাংলো মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর ফেরিঘাট মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ সাংবাদিকদের জানান, জামায়াতকর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল তরিকুল ইসলাম, মনোজ বিশ্বাস ও আর্মড ব্যাটেলিয়ানের সদস্য আইয়ুব আলী আহত হয়েছেন। আইয়ুবকে খুলনা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষস্থল থেকে ১০ জামায়াতকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে জামায়াত নেতারা দাবি করেন, পুলিশের লাঠিপেটায় তাদের অন্তত ১০ কর্মী আহত হয়েছে এবং ১০ জনকে পুলিশ আটকস করেছে।
দিনাজপুর
: জামায়াতের মিছিলে বাধা দিতে গিয়ে পাল্টা হামলায় চার পুলিশ আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শহরের মডার্ন মোড় থেকে জামায়াত-শিবির একটি মিছিল বের করে জেল রোডে এগিয়ে গেলে পুলিশ এতে বাধা দেয়। তখন জামায়াত নেতাকর্মীরা পুলিশকে মারপিট করে। পরে পুলিশ লাঠিপেটা ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সহকারী উপপরিদর্মক (এএসআই) হামিদুর রহমান, হাবিলদার মজিবর রহমান, কনস্টেবল আনোয়ার হোসেন ও মিজানুর রহমান আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ ছাত্র শিবির পরিচালিত পৃথিবী ও ফোকাস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১৬ জনসহ বিভিন্ন স্থান থেকে মোট ২১ জনকে আটক করেছে।
জামায়াতের জেলা আমির আনোয়ার হোসেন জানান, পুলিশের হামলায় ৩০ জন আহত হয়েছে।
সাতক্ষীরা
: জামায়াতের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ২০ জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ শহরের তুফান কোম্পানি মোড়ে বিক্ষোভ মিছিল থেকে ৫৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আহত উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নানসহ ছয়জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি গাজী মোহাম্মাদ ইব্রাহীম।
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে ৫৯ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
জেলা জামায়াতের সম্পাদক নূরুল হুদা জানান, শান্তিপূর্ণ এই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে কমপক্ষে ২০ জামায়াত কর্মী আহত হয়েছে। তাদেরকে সাতক্ষীরা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম: নগরীতে মিছিলের চেষ্টাকালে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু ফয়েজ (২২) শিবিরের সাথী ও মো. ওয়াক্কাস (২৫) শিবিরের কর্মী। তারা উভয়ে চট্টগ্রাম কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানান পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
নড়াইল
: শহরের পুরাতন বাস্ট্র্যান্ড এলাকায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ১৯ জনকে।
আহত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৫০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে বলে জানান থানার ওসি রফিকুল ইসলাম।
ঠাকুরগাঁও
: শহরে পুলিশ ও জামায়াতের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
সোমবার বিকালে শহরে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্র্যান্ডের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশ ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে প্রথমে সংঘর্ষ ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক হামিদ ও তিন কনস্টেবলসহ অন্তত ২৫ জন আহত হয় বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।
জয়পুরহাট
: বিকালে শহরের আবুল কাশেম ময়দান থেকে জামায়াত মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনাস্থল থেকে ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা জামায়াত আমির ফজলুর রহমান সাঈদ বলেছেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে ১৫ নেতাকর্মীকে আটক করেছে। এতে দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
পুুলিশ সুপার হামিদুল আলম জানান, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপার্টকেল নিক্ষেপ করলে দুই পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান ও কনস্টেবল আখতারুজ্জামান।
ফরিদপুর
: বিকেল সাড়ে চারটার দিকে বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা মোড় এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় আহমেদ হাসান তাহের (২৭), মেহেদী হাসান (২৫) এবং আসাদুজ্জামান (৩৫) জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে বলে বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানিয়েছেন।
বরগুনা
: গোপন বৈঠক করার সময় বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আফজালুর রহমানসহ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ছাত্র শিবিরের কর্মী কেওড়াবুনিয়া গ্রামের ফরিদ উদ্দিন হাওলাদার, আবু বকর ও কাকচিড়ার মনির হোসেন। বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ
: শহরে হাটখোলা থেকে সমাবেশ করেছে মিছিল নিয়ে বের হলে পায়রা চত্বরে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় পৌর এলাকার ৭নং ওয়ার্ড শিবিরের সভাপতি আল আমিন ও শিবির কর্মী ফরিদ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা আবুল কাসেম, আব্দুল আলীম, নুর মোহাম্মদ, কাজী সগির প্রমুখ।
সাভার
: সাভারে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে পুলিশ সাভার বাজার রোডে মিছিল থেকে আব্দুল্লাহ হেল ফজল (২৮), নাজমুল হক রুবেল (২৭), বাহাউদ্দিন (৪২) ও আহসান হাবীবকে (২৪) আটক করা হয়।
এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে আটক দলীয় নেতাদের মুক্তির দাবিতে বাজার রোডে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।
তিনি জানান, জামায়াত নেতাকর্মীরা কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে।
বগুড়া
: জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহতম হয়েছেন। এ সময় পুলিশ ১৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ওপর হামলার ঘটনার দ্রুত বিচাার আইনে তিনটি মামলা হয়েছে বলে বগুড়া সদর থানার ওসি ছকির উদ্দিন।
দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবির নেতাকর্মীরা লাঠিশোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এছাড়াও জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের উপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে ও মারপিট করে। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা, মঞ্জুরুল হক ভূইয়া মঞ্জু, কনস্টবল আজগর ও সিরাজুল আহত হয় বলে জানান ওসি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন জানান, ৩টি মামলায় দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বগুড়া শহর জামাতের আমির আব্দুর রাজ্জাক দাবি করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে তাদের অর্ধশত নেতাকর্মীদের আহত করে।
কুষ্টিয়া
: জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলায় আহত হয়েছে ১০ পুলিশ সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ১৮ জনকে।
শহরের মজমপুর গেট থেকে জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে তারা মিছিল করে। এ সময় শহরের এনএস রোডের বিভিন্ন দোকানে লুকিয়ে থাকা জামায়াত শিবির কর্মীরাও যোগ দেয়। তারপরই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে শহরের মজমপুর গেট থেকে থানা মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিনত হয়। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য ও পথচারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নীলফামারী
: জামায়াত নেতাকর্মীরা কালিবাড়ি সড়কে আকস্মিকভাবে একটি লাঠি মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সিরাজগঞ্জ
: দুপুরে শহরের জামে মসজিদের সামনে থেকে জামায়াত-শিবির কর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় মিছিল থেকে পুলিশ চার জনকে আটক করেছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি সোহরাব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৬ ঘ.
bdnews24