ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট মামলায় আদালতে সাক্ষ্যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা- ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাদিক হাসান রুমি বলেছেন, নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ নেতাদের তখন সোর্স হিসেবে কাজে লাগানো হয়েছিল।
২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে হামলার সময় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্বে থাকা সাদিক হাসান সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলার সাক্ষ্যগ্রহণ এই আদালতে চলছে, যার চতুর্দশ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হোসান।
সাবেক এই সেনা কর্মকর্তার জবানবন্দি নেয়ার পর বিচারক শাহেদ নূরউদ্দিন তাকে জেরার জন্য আগামী ১১ নভেম্বরে দিন রেখেছেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সংঘটিত ওই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও প্রাণ হারান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আইভি রহমানসহ অন্তত ২৪ জন। তখন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
সাদিক হাসান বলেন, গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য হুজি নেতাদের সোর্স হিসেবে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছিল এবং তারাও এতে সাড়া দেন। এজন্য তাদের আর্থিক সহায়তাও করা হয়েছিল।
“গ্রেনেড হামলার পর আমার অধীনস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারকে হুজি নেতাদের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছিলাম। মাওলানা শেখ ফরিদ, মাওলানা শেখ আবদুস সালামসহ অন্যান্য হুজি নেতার সঙ্গে ওই দুই কর্মকর্তা যোগাযোগ করেন, তাদের মধ্যে তিন-চারটি বৈঠকও হয়। এ ধরনের একটি বৈঠকে আমি নিজেও ছিলাম।”
হুজি নেতা শেখ আবদুস সালামের দেয়া তথ্যের ভিত্তিতেই সিলেট থেকে বিপুলকে গ্রেপ্তার করা হয় বলে সাদিক জানান।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই হামলার মামলায় বিপুল অন্যতম আসামি। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলাসহ গ্রেনেড হামলার সব মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে।
“বিপুল জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেনেডগুলো তাদের সরবরাহ করে মুফতি হান্নান, অবশ্য এ তথ্যের আগেই র্যাব মুফতি হান্নানকে গ্রেপ্তার করে,” বলেন সাদিক।
তিনি জানান, টাস্কফোর্স ইন্টেলিজেন্সের জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান ২১ অগাস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন।
“তিনি সব গ্রেনেড সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের কাছ থেকে সংগ্রহ করেন বলেও জানান।”
২১ অগাস্টের হামলায় সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জড়িত থাকার কথা মুফতি হান্নানই জিজ্ঞাসাবাদে জানান বলে দাবি করেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান।
“আব্দুস সালাম পিন্টুর সরকারি বাসভবনে পিন্টু, মাওলানা তাজউদ্দিন, বাবর, মাওলানা আবু তাহের এবং অন্যান্য হুজি নেতারা ২১ অগাস্ট গ্রেনেড হামলার প্রস্তুতিমূলক সভা করেন বলে মুফতি হান্নান জানিয়েছেন।”
“ওই সভায়, পিন্টু এবং বাবর সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। পিন্টুর বাসায় হুজি নেতারা বাবরের নির্দেশে হামলার আলামত ধ্বংস করে।”
লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় জজ মিয়া নামে এক ভবঘুরেকে গ্রেপ্তার করে তার জবানীতে এই হামলা যে বর্ণনা পুলিশ প্রচার করে, যা প্রায় সব মহলেই প্রশ্নবিদ্ধ হয়।
এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সালাম পিন্টু ও মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সরকার ক্ষমতায় যাওয়ার পর এই হামলার অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৮০৩ ঘ.
bdnews24