ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সরকারের একটি অংশ ‘গোয়েন্দা সংস্থার মাধ্যমে’ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু করেছে।
“কিছু পত্রিকায় চেয়ারপারসনের কার্যালয়ে তথ্য পাচার হয়- এই শিরোনামে উদ্ভট, বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই- তথ্য পাচারের কোনো ডিজিটাল যন্ত্র এই কার্যালয় থেকে উদ্ধার হয়নি। এমন সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”
গত ২ নভেম্বর কয়েকটি পত্রিকায় ‘বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তথ্য পাচার হয়’- এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয় চেয়ারপারসনের কার্যালয় থেকে তথ্য পাচারের ১৭টি ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়েছে। কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীও এতে জড়িত।
সরকারের একটি অংশ ও গোয়েন্দার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এমন খবর প্রকাশ করা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, “রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ক্ষমতাসীনদের এটি একটি পরিকল্পিত নাটক।”
বিএনপি চেয়ারপার্সনের সাবেক কার্যালয় ‘হাওয়া ভবন’ ও ‘চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়’ নিয়ে আগেও এ রকম সংবাদ প্রকাশিত হওয়ার কথা মনে করিয়ে দিলে ফখরুল বলেন, “এসবের কোনো সত্যতা নেই। চেয়ারপারসনের কার্যালয়ের স্টাফরা বিশ্বস্ত। অর্থমন্ত্রীর ভাষায় আমি বলতে চাই- অল (ওই সব সংবাদ) আর রাবিশ।”
গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগ ও শেয়ার বাজারে উত্থান-পতনসহ কয়েকটি ঘটনায় বিভিন্ন তথ্য ও বিভিন্ন ব্যক্তির বক্তব্য খারিজ করে দিয়ে একই উক্তি করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় তার ওই উক্তি গণমাধ্যম ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় তোলে।
খালেদার কার্যালয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, “চক্রান্তকারীরা তাদের এজেন্টদের মাধ্যমে পত্রিকায় এমন উদ্ভট সংবাদ প্রকাশের কৌশল এঁটেছে। আমরা মহল বিশেষের এরকম দূরভিসন্ধিমূলক তৎপরতার নিন্দা জানাচ্ছি।”
জাতীয় পর্যায়ের দৈনিক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়নি উল্লেখ করে ফখরুল বলেন, চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকা দৈনিক পূর্বকোণ ওই খবর ছেপেছে।
নৌ মন্ত্রীর বক্তব্যের নিন্দা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ‘রাজাকার’ বলায় নৌ মন্ত্রী শাজাহান খানের সমালোচনা করেন মির্জা।
তিনি বলেন, “মানুষের চরিত্রে কলঙ্ক লেপনে পারঙ্গম এই মন্ত্রীর (শাজাহান খান) এটিই হচ্ছে বৈশিষ্ট। তার পক্ষেই এমন অশালীন কথা সাজে।”
বাংলাদেশের রাজনীতিতে রফিকুল ইসলাম মিয়ার ‘বলিষ্ঠ ভূমিকার’ প্রশংসাও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“আওয়ামী লীগের সংস্কৃতিতে সৌজন্যের কোনো স্থান নেই। তারা দলীয় স্বার্থে বরেণ্য রাজনীতিবিদ ড. কামাল হোসেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রীর আইনজীবী রফিক উল হকসহ দেশের গণমান্য ব্যক্তিদের ক্রমাগত অপমান ও হেয় করে করতে দ্বিধা করেনি”, বলেন ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24