টাঙ্গাইল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তিন দিন সময় দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তা না করলে রানাকে বহিষ্কারের হুমকি দিয়েছেন তিনি।
রোববার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম লেবুর নির্বাচনী কর্মীসভায় হানিফ এই হুমকি দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।
পুর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত উপজেলায় দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুককে।
হানিফ বলেন, “যারা দলে থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে। নির্বাচনে যারা হুমকি দিচ্ছে, তাদের আওয়ামী লীগ বরদাশত করবে না। সোমবার থেকে এই রকম কোনো অভিযোগ আমরা শুনতে চাই না।”
বিএনপি ভয়ে নির্বাচনে অংশ নেয়নি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কাউকে কাউকে প্রার্থী বানানোর চেষ্টা করা হচ্ছে।
আওয়ামী লীগ সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে আগামী ১৮ নভেম্বর টাঙ্গাইল-৩ আসনে উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনে রানা ও লেবুর পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/২১০৫ ঘ.
bdnews24