ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের ‘শর্ত মেনে’ ছুটিতে যাওয়ার একমাসের মাথায় মসিউর রহমানের কাজে যোগ দেয়া নিয়ে ‘ব্যাখ্যা’ দেবে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। তবে উদ্ভূত পরিস্থিতি (ছুটিতে যাওয়ার পর মসিউরের আবার কাজে যোগ দেয়া) নিয়ে সরকার বিকালে লিখিতভাবে অবস্থান জানাবে।
তিনি বলেন, “আশা করছি সরকার দ্রুত পদ্মা সেতুর বিষয়ে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।”
পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের যে ‘সমঝোতা’ হয়েছে ‘তার কোনো ব্যত্যয় হয়নি, হবেও না’ বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “আমরা মনে করি যে, পদ্মা সেতু নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে। এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে এবং একে দ্রুত কার্যকর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।”
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় তাদের সিদ্ধান্ত বদলায়।
অন্য কয়েকটি শর্তের সঙ্গে এ প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে ছুটিতে পাঠানোর কথাও বলেছিল বিশ্ব ব্যাংক।
এরপর গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মসিউর রহমান ছুটিতে গেলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথ সুগম হবে।
১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার পরই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়।
গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দিলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকা- থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে।
এর এক মাসের মাথায় ১ নভেম্বর কাজে যোগ দিয়ে মসিউর জানান, এক মাসের ছুটি শেষে কাজে ফিরেছেন তিনি।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি ছুটি শেষে কাজ যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী দেশে ফিরে যে সিদ্ধান্ত নিতে বলবেন সেই মোতাবেক কাজ করব।”
ভিয়েতনাম সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবার কাজে যোগ দেয়ায় শর্ত ভঙ্গ হয়েছে। এ কারণে অসন্তোষও প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।
তবে মসিউরের এক মাস ছুটিতে থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে কখনোই স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তাকে এক মাসের ছুটিতে পাঠানো হয় বলে সংবাদ মাধ্যমে যে কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে তাও অস্বীকার করা হয়নি।
এই ছুটির মধ্যে মসিউর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হলেও মন্ত্রিসভা কমিটিসহ সরকারের কয়েকটি কমিটির বৈঠকে তিনি যাননি।
পদ্মা প্রকল্প নিয়ে বিরোধী দল মসিউরের পদত্যাগের দাবিও তোলে। তবে গত ১২ সেপ্টেম্বর এই উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।”
এদিকে মসিউরের বাড়ির কাছেই নিজের সরকারি বাড়িতে শনিবার চার সচিবের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই বৈঠকের আলোচনার বিষয় পদ্মা সেতু প্রকল্প ছিল বলে অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।
রোববার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর বিষয়ে সবকিছু চূড়ান্ত করতে এ মাসেই বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের আসছেন। এর আগে ২০১১ সালে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।
“এখনো যেসব বিষয় নিয়ে সমস্যা আছে, তিনি বাংলাদেশে আসার আগেই সেসব কাজ শেষ হয়ে যাবে”, বলেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24