বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির এক সদস্যকে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ছাত্রলীগ নেতা মঞ্জুর রহমান শাওনকে (৩২) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকাদারি কাজের অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে শাওনকে কুপিয়ে জখম করা হয় বলে জানান তার ভাই শাহান। এই ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
শাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএন্ডবি রোডে সিটি সার্ভিসের বাস ডিপোর সামনে চা পান করছিলো শাওন। এই সময় মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ডলারের ভাই দোলন, সাইদ, শাহআলম ও আফজালসহ বেশ কয়েকজন মটরসাইকেল যোগে সেখানে আসে।
তারা ঠিকাদারি কাজের আড়াই লাখ টাকা শাওনের কাছে দাবি করে। এই নিয়ে শাওনের সাথে তাদের তর্ক হয়। এক পর্যায়ে শাওনকে চাপাতি দিয়ে কোপায় ও লোহার রড দিয়ে পেটায়।
কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় এখনও কেউ অভিযোগ করেননি। তবে ঘটনা শুনে পুলিশের একটি দল জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৫৩ঘ.
bdnews24