২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ নভেম্বর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিচার শুরু হবে কি না- আগামী ৪ নভেম্বর তা জানাবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিচার শুরু হবে কি না- আগামী ৪ নভেম্বর তা জানাবে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ধার্য দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নতুন এই তারিখ দেয়। গত ২১ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছিল ট্রাইব্যুনাল। এর আগে গত ৭ অক্টোবর এক আদেশে ট্রাইব্যুনাল বলে, আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলবে। ট্রাইব্যুানালে প্রসিকিউশন গত ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে মানবতাবিরোধী অপরাধের ১০টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। আযাদের অপরাধের মধ্যে জোর করে ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করা, লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের কথা রয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাহিদুর রহমান জানান, একাত্তরের ২১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ফরিদপুরে ঢোকে। ওইদিনই তাদের সঙ্গে নিয়ে ফরিদপুরের বিখ্যাত জগদ্বন্ধু আশ্রমের ৮ পূজারীকে হত্যা করেন আযাদ। পরে খুন করেন কলারন গ্রামের জমিদার সুধাংশু মোহন রায় ও তার ছেলে মনিময় রায়কে। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আযাদ ছাত্রসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ মার্চের কালরাতের পর তিনি নিজেই একটি বাহিনী গড়েন, যারা পরে ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ ঘটনায়। ট্রাইব্যুনাল গত ৯ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় এবং তাকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়। এর আগে গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৪০২ ঘ.