২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালে বাসে আগুন

বিরোধী দলের ডাকা হরতালে চলাকালে সকালে বন্দরনগরীতে দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া হরতালে অপেক্ষাকৃত শান্ত রয়েছে বন্দরনগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 05:03 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বিরোধী দলের ডাকা হরতালে চলাকালে সকালে বন্দরনগরীতে দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া হরতালে অপেক্ষাকৃত শান্ত রয়েছে বন্দরনগরী।

হরতালের আগের দিন সোমবার রাতে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পরপরই চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপি কার্যালয় এলাকায় অন্তত আটটি গাড়ি ভাংচুর করা হয়।

তবে মঙ্গলবার সকাল থেকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথ অবরোধে ‘বাধা’র প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় বহদ্দারহাটে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হালিশহর নয়াবাজার এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

তিনি জানান, গাড়ি ভাংচুরের চেষ্টা করার সময় পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে দুই পিকেটারকে আটক করা হয়েছে।

সকালে নগরীর সাগরিকা ও খুলশী এলাকায় বিচ্ছিন্নভাবে কয়েকটি টেম্পু ও সিএনজি অটোরিকশার কাচ ভাংচুর করে হরতালকারীরা।

পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোরশেদ জানান, মুরাদপুর থেকে সাড়ে নয়টার দিকে এক পিকেটারকে আটক করা হয়েছে।

সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ।

সকাল থেকে বন্দরনগরীর বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা, টেম্পু ও রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি।

নগরী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড)কারখানাসহ বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ চলছে।

চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।

হরতাল উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশ পরীক্ষা স্থগিত করা হয়েছে।