‘অবরোধ ঠেকাতে গ্রেপ্তার চলছে’
রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি ঠেকাতে পুলিশ বিরোধীদলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি ঠেকাতে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সহসভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, “মহানগর নেতা কাজী আবুল বাশারসহ এ পর্যন্ত ১০ জন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাদা পোশাকে পুলিশ ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি চালাচ্ছে।”
“আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখনো সময় আছে, দমন নির্যাতন বন্ধ করুন। এভাবে গ্রেপ্তার করে অবরোধ কর্মসূচিকে ঠেকাতে পারবেন না। শান্তিপূর্ণ এই কর্মসূচি হবেই”, যোগ করেন তিনি।
বিএনপির মহানগর যুুগ্ম আহবায়ক কাজী আবুল বাশারকে দুপুর ২টায় কাপ্তানবাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাজপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
ভোর ৬টা থেকে ৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচিতে দেশের প্রধান প্রধান মহাসড়ক ও সড়কসমূহ অবরোধ করে রাখার ঘোষণা দেয়া হয়েছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ বিফ্রিংয়ে সাদেক হোসেন খোকা বলেন, “রোববার আমরা রাজপথে অবস্থান করবো। কেউ গাড়ি বের করবেন না। জনগনের বুকের ওপর দিয়ে কোনো প্রকার যানবাহন চলতে দেয়া হবে না।”
জনগণ স্বতস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি সফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুব দলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
