‘ভুল দরজায় কড়া নাড়ছে’ বিএনপি
সংলাপে না যাওয়ার ক্ষেত্রে যে যুক্তি বিএনপি দেখিয়েছে, সেই সমস্যা সমাধানের এখতিয়ার যে ইসির নেই, তা স্পষ্ট করেছেন একজন নির্বাচন কমিশনার।
নির্বাচনকালীন সরকার পদ্ধতির প্রসঙ্গ তুলে সংলাপ বর্জনে বিএনপির সিদ্ধান্ত যথাযথ নয় বলে মনে করছেন একজন নির্বাচন কমিমনার।
তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এক উপদেষ্টা বলেছেন, বিএনপি যে যুক্তিগুলো দেখিয়েছে, তা ইসির এখতিয়ারে নয়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন ইসির প্রথম সংলাপ বর্জনের সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে বিএনপি।
ওই চিঠিতে সংলাপে অংশ না নেয়ার ক্ষেত্রে পাঁচটি যুক্তি তুলে ধরে বিএনপি, যারা এই কমিশন গঠন পদ্ধতিরই সমালোচনা করে আসছে।
চিঠিতে বিএনপির তুলে ধরা যুক্তি পাঁচটির প্রথম দুটিই হচ্ছে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে। একটি হচ্ছে ইসির স্বাধীনতা নিয়ে।
প্রথমটিতে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। দ্বিতীয়টিতে বলা হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে ইসি জনগণকে ‘স্তম্ভিত’ করেছে। পঞ্চমটিতে বলা হয়েছে, ইসির স্বাধীনতা অর্থহীন।
দুপুরে বিএনপির চিঠি পাওয়ার পর সন্ধ্যায় তা পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের (বিএনপি) বক্তব্য ইসির সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ, কোন পদ্ধতির অধীনে নির্বাচন হবে, তা ইসি নির্ধারণ করে না, সংসদই তা করে।”
সংবিধান অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে ইসি বদ্ধপরিকর, বলেন তিনি।
বর্তমান সরকার সংবিধান সংশোধনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান হয়েছে, তবে এতে আপত্তি জানিয়ে আসছে বিএনপি।
বিএনপির সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংলাপে না যাওয়ার ক্ষেত্রেও এগুলো কোনো যুক্তি হতে পারে না।
“বিএনপির সিদ্ধান্ত কোনোভাবেই সঠিক নয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখা, না রাখার দায়িত্ব ইসির নয়। এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জনগণের কাছে।”
সংলাপ বর্জনের ক্ষেত্রে পাঁচটি যুক্তির মধ্যে বিএনপির বাকি দুটি যুক্তি হচ্ছে- গাজীপুর উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি উপেক্ষা এবং ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত জানিয়ে পুনরায় বলা যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গাজীপুরের উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। চিঠিতে গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ‘গাজীপুর উপনির্বাচনে শক্ত অবস্থান নিতে পারেনি ইসি’।
হাফিজউদ্দিন বলেন, ইসির নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা সংলাপে গিয়ে বলতে পারত বিরোধী দল।
সংলাপে না যাওয়া বিএনপির ‘ভুল হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইসির ভূমিকা ও সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মত না দিয়ে বিরোধী দল ভুল করছে।
“নির্বাচনের আগমুহূর্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলে তখন তো তাদের কথা বলার কোনো সুযোগ থাকবে না।”
নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, “ইসির কাছে বিএনপির কোনো দাবি না থাকায় ‘দলটিকে’ কিছুই বলার নেই। কোনো ধরনের প্রশ্ন থাকলে তার জবাব দেয়ার বিষয় থাকত।”
তবে নির্বাচন কমিশনার জাবেদ আলী আশা করেন, বিরোধী দল এখনো সংলাপে আসতে পারে।
“তারা সংলাপে আসবে না একথা তো চিঠিতে সরাসরি বলেনি। রোববার সংলাপ হওয়ার কথা রয়েছে। এখনো আশাবাদী আমরা।”
বিএনপির পাঠানো চিঠি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক নির্বাচন কমিশনার। যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নিয়ে যাওয়া ওই চিঠিতে মহাসচিবের নাম লেখা থাকলেও তার স্বাক্ষর ছিল না।
একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কী! দলের ভারপ্রাপ্ত মহাসচিব তো দেশেই আছেন। তার নামের নিচে অন্যজন স্বাক্ষর দিলেন। এটা যে মহাসচিবের পক্ষে, তাও উল্লেখ নেই।”
প্রধান বিরোধী দলের এ ধরনের আচরণকে ‘অবজ্ঞা’সূচক বলে মনে করছেন তারা।
