‘ভাঙ্গা স্যুটকেস থেকে ৬টি কোকো’
ছেলে তারেক রহমানকে সৎ বলে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
ছেলে তারেক রহমানকে সৎ বলে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি আরো বলেছেন, বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা ‘তছনছ’ হয়ে যাবে।
পুনরায় ক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে দেবেন বলে কয়েকদিন আগে বরিশালে জনসভায় খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, তার প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগ সংসদ সদস্য তোফায়েল।
বিএনপি চেয়ারপারসনের দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ‘লুটপাট ও অর্থপাচারের’ তথ্য তুলে ধরে তোফায়েল বলেন, “আবার তিনি (খালেদা জিয়া) দেশের চেহারা পাল্টাতে চান।
“২০০১-০৬ পর্যন্ত কীভাবে দেশের চেহারা তিনি পাল্টেছিলেন, তা দেশের মানুষ দেখেছে। সাধারণ মানুষের ওপর নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, গ্রেনেড হামলা, সন্ত্রাস, ৬৩ জেলায় বোমা দিয়ে দেশের চেহারা পাল্টে দিয়েছিলেন।”
“যারা এতো দুর্নীতি করে, দেশের মানুষ উপলব্ধি করতে পারেন- তারা আবার ক্ষমতায় এলে কী করতে পারেন! আবার ফিরে আসবে জঙ্গিবাদ। বঙ্গবন্ধুর স্বাধীন দেশ তছনছ করে ফেলবে তারা।”
তারেককে নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে তোফায়েল বলেন, “এখন বলছেন, তার ছেলে তারেক, কোকো সৎ ছিলেন। খুবই সততার সার্টিফিকেট দিচ্ছেন! আমরা ভোলায় যাতায়াত করি কোকো ১, কোকো ২, কোকো ৩, কোকো ৪, কোকো ৫ ও কোকো ৬-এ।”
“ভাঙ্গা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি থেকে ছয়টা কোকো বেরিয়েছে। তারেক ও তারেকের বন্ধু মামুন করেছে ওয়ান টেক্সটাইল।”
তোফায়েলের পাশাপাশি আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমও বিরোধীদলীয় নেতার কঠোর সমালোচনা করেন।
“যে চোর-দুর্নীতিবাজরা জনগণের টাকা লুট করেছে; অর্থ পাচার করেছে; সব অর্থ ফিরিয়ে এনে জনগণের স্বার্থে কাজে লাগানো হবে।”
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “দেশের চেহারা পাল্টাতে না পারলেও তিনি (খালেদা) প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টাতে পারবেন।
“যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো, আওয়ামী লীগ নেতাদের হত্যা, বোমাবাজি ও সন্ত্রাস করে অতীতে দেশের চেহারা পাল্টিয়েছিলেন তিনি।”
আওয়ামী লীগ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, “প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। উনি (খালেদা) প্রধানমন্ত্রীর ধর্ম নিয়ে কথা তুলেছেন। কিন্তু উনি কয়েকদিন আগে উমরাহ পালন করতে গিয়েছিলেন, আমরা প্রশ্ন- সেখানে উনার হুইল চেয়ার টেলে দিয়েছেন কে?”
আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে রাব্বী মিয়া, খালেদ মাহমুদ চৌধুরী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, শাকিল আহমেদ জয়।
