‘তাণ্ডবে জামায়াতের সঙ্গে অন্য দলও আছে’
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-ভাঙচুরের ঘটনায় ‘অন্য দলেরও’ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-ভাঙচুরের ঘটনায় ‘অন্য দলেরও’ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় যে ‘ধর্মান্ধ গোষ্ঠী’ তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনি প্রক্রিয়ায় দমন করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেয়া হয়েছে।
বিভিন্ন স্থানে হামলার ঘটনায় জামায়াত-শিবির ছাড়া অন্য কোনো দলের সংশ্লিষ্টতা রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হামলার সঙ্গে জড়িত জামায়াতের সঙ্গে যাদের গাঁটছড়া রয়েছে- তা কিসের? তাদের এ ঘটনার সঙ্গে কতিপয় রাজনৈতিক দলের জড়িত থাকার প্রমাণ আমাদের কাছে রয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করেছি।”
“জামায়াত এ ধরনের অপরাধে জড়িত থাকলেও ওইসব রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। যারা অপরাধ করে এবং যারা অপরাধকে সহযোগিতা করে, তারা সমান অপরাধী।”
সারা দেশে পুলিশের ওপর হামলা-তাণ্ডব চললেও পুলিশ কঠোর অবস্থানে যায়নি কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তারা চোরাগোপ্তা হামলা করছে। পুলিশ আক্রান্ত হলেও কোথাও গুলির ঘটনা ঘটেনি। সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয়েছে।”
“আইনের আওতায় সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। সকল অপরাধীদের বিচার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না”, বলেন তিনি।
বিশৃঙ্খলা বন্ধে কোনো বিশেষ অভিযান চালানো হবে কি না- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মহীউদ্দীন খান আলমগীর জানান, হামলার ঘটনায় পুলিশ সারা দেশে এ পর্যন্ত প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তবে বিশেষ কোনো অভিযানের পরিকল্পনা নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, বিশেষ অভিযানের ঘোষণা দিলে হামলাকারীরা সতর্ক হয়ে যেতে পারে। যখন যেমন প্রয়োজন তেমন ব্যবস্থা নেয়া হবে।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘাত চলছে।
সোমবার জয়পুরহাট শহরের অদূরে ছাত্রশিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের গায়ে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও ইসলামী ছাত্রশিবিরের হামলার মুখে পড়ে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা।
অন্যদিকে জামায়াতের অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।
মন্ত্রিসভা কমিটির সভার সিদ্ধান্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে আগামী বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেয়া, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ রোধ এবং খাদ্যসহ বিভিন্ন পণ্যে ভেজাল রোধের বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্ব ইজতেমার সময় কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজু, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিকিউকে মুসতাক এবং পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ সভায় অংশ নেন।
