জামায়াত নেতা পরওয়ার গ্রেপ্তার
মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের এই নেতাকে মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, “রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই মিথ্যা মামলায় গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।”
সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে অভিযোগ করে তিনি জামায়াত নেতাকে মুক্তি দেয়ার দাবি জানান।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
সেদিন সংঘর্ষস্থল থেকে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।
সংঘর্ষের ঘটনায় ওই ৩২ জনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারশ জনকে আসামি করে চারটি মামলা করে পুলিশ। এর মধ্যে একটি করা হয় দ্রুতবিচার আইনে।
আসামিদের বিরুদ্ধে যানবাহন ভাংচুর, পুলিশের ওপর হামলা, মারধর ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
মতিঝিলে সংঘর্ষের পরের কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াতকর্মীরা।
সরকার বলছে, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা।
তবে জামায়াত নেতাদের দাবি, তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ।
জামায়াতকে কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে সোমবার ১৮ দলীয় জোটের এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জামায়াতে ইসলামী দেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলটিকে আজ সরকার মাঠে নামতে দিচ্ছে না। তাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে বাধা দেয়া হচ্ছে।”
