২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে হামলায় ইন্ধন সাংসদের: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলার পেছনে বিএনপির স্থানীয় সংসদ সদস্যের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলার পেছনে বিএনপির স্থানীয় সংসদ সদস্যের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। কক্সবাজারের রামুতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পর সংসদ সদস্যের নাম না উল্লেখ করে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন; অভিযোগ আছে, যারা এই অপতৎপরতা চালানোর জন্য সেখানে সঙ্ঘবদ্ধ হয়ে উপস্থিত হয়েছিলেন তাদেরকে দিয়ে তিনি ওই এলাকায় তাণ্ডবলীলা এমনকি খুন করার জন্য আহবান জানিয়েছিলেন।” হামলার ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের কাছে যাননি, খোঁজখবরও নেননি এমনকি সরকারের যে প্রতিনিধিদল সেখানে গিয়েছিলেন তাদের সঙ্গে দেখাও করেননি বলে অভিযোগ করেন মহীউদ্দীন। কক্সবাজার সদর ও রামু (কক্সবাজার-৩) আসনের সংসদ সদস্য বিএনপির লুৎফর রহমান কাজল। তেজগাঁও পুরানো বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নেমে মন্ত্রী বলেন, “রামুতে বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বা উস্কানিমূলক কাজ করেছেন তাদের সবাইকে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে।” মন্ত্রী জানান, ফেইসবুকে যে চিত্র দেওয়া হয়েছে তার সূত্র বিদেশে। উত্তম বড়ুয়া নামে একজনের ফেইসবুক অ্যাকাউন্টে বিদেশ থেকে চিত্রটি পাঠানো হয়। এটি উত্তমের পক্ষে ফেইসবুকে দেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উত্তম বড়ুয়ার মা এবং বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সঙ্গে কার কার সম্পর্ক রয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। তবে বাংলাদেশ ক্ষুদ্রশিল্প কর্পোরেশনের কর্মচারী উত্তমের অবস্থান জানাননি তিনি। বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দশ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, শনিবার রাতের এই ঘটনার পর পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবহিনীকেও মাঠে নামোনো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম আগামীকালের (সোমবার) মধ্যে জানা যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। শনিবার রাতের ঘটনার পর রোববার পটিয়াতেও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা কেনো ঘটলো জানতে চাইলে মন্ত্রী বলেন, “যথাযথ এবং সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই বড় ধরনের কোন পদক্ষেপ তারা নিতে পারেনি। একই ভাবে উখিয়ায় তারা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।” হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে এবং ঘটনাস্থল পরিদর্শনে সকালে সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। রোববার দুপুর দেড়টার দিকে রামুর মেরং লোয়া বড়–য়া পাড়ায় ক্ষতিগ্রস্ত রামু সীমা বিহার পরিদর্শন করেন তারা। ৩০০ বছরের পুরনো এ বৌদ্ধ মন্দিরেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী বৌদ্ধ বিহার ও আশপাশের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। এ সময় তারা মন্দিরের ভিক্ষু ও মন্দির পরিচালনা পরিষদের ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। হামলায় ঘর-বাড়ি হারানোদেরও কথা শোনেন তারা। এ সময় দুই মন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বিজিবি মহাপরিচালক আনোয়ার হোসেন, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান ও স্থানীয় অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ সময় উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২০৩০ ঘ.