ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যম ও অনলাইন বিশেজ্ঞদের সঙ্গে আলোচনা না করে অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা ২০১২ঃ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, “সরকার থেকে অনেক কিছুই ভুল ত্রুটি আসে। এই ত্রুটি দূর করতে প্রয়োজন আলোচনা। অনলাইন নীতিমালার এই খসড়াতেও ত্রুটি রয়েছে, সবার সাথে আলোচনা করেই তা সংশোধন করে একটি অনলাইনবান্ধব নীতিমাল করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, “নীতিমালা ও আইন দুটি ভিন্ন বিষয়। আইন হলো কোন কিছু পালনে বাধ্যবাধকতা আরোপ করা, আর নীতিমালা হলো গাইডলাইন।”
সামরিক হস্তক্ষেপ ও বিভ্রান্তিকর কিছু কারণে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ইনু বলেন, “আপনাদের উচিত ব্যক্তির সুনাম, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করে সংবাদ পরিবেশন করা।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যপক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “গণমাধ্যমের অপব্যবহার ও অসৎ ব্যবহার রোধে অনলাইন নীতিমালা এখন সময়ের দাবি।”
তবে নীতিমালা মানে নিয়ন্ত্রণ নয় বলেও মন্তব্য করেন উপাচার্য।
সেমিনারে সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষক মোহাম্মাদ সাইফুল আলম চৌধুরী ও সাইফুল হক ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা ২০১২ঃ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে অনলাইন নীতিমালা খসড়ার ৮টি সবল দিক ও ১৬টি দুর্বল দিক তুলে ধরা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে ও অধ্যাপক শামীম রেজার উপস্থাপনায় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৬ ঘ.
bdnews24