২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে পালিত শেখ হাসিনার জন্মদিন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শেখ হাসিনা শুক্রবার ৬৬ বছরে পা দিয়েছেন। গত বছরগুলোর মতো এবারো জন্মদিনে দেশের বাইরে থাকায় দলীয়ভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি আওয়ামী লীগ। তবে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা কেক কেটে তার জন্মদিন পালন করেন। নিউ ইয়র্কে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দূর্গাদাস ভট্টাচার্য, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। আসরের নামাজের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় আমীর হোসেন আমু, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, ঢাকা মাহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, তারানা হলিম প্রমুখ বক্তব্য দেন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডের বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার আলী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশনের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম ঠান্ডু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী ও সংগঠনের মহাসচিব এ বি এম আব্দুল হালিম বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ও রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রলীগ। জুমার নামাজের পর বায়তুল মোকারর, মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত, কোরানখানি এবং বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ঢাকেশ্বরী মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। এর আগে এক মেয়াদে প্রধানমন্ত্রী এবং তিন বার সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। ষাটের দশকে ইডেন কলেজে ছাত্রলীগের কর্মী হিসাবে রাজনীতিতে পা দেন শেখ হাসিনা। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগ থেকে ইডেন কলেজের ছাত্রী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। ১৯৬৮ সালে বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। তিনি এক ছেলে (সজীব আহমেদ ওয়াজেদ) ও এক মেয়ের (সায়মা ওয়াজেদ) জননী। ১৯৭৫ সালে অগাস্ট ট্রাজেডিতে পরিবারের সবাইকে হারিয়ে বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর দলের হাল ধরেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ২১ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিশাল বিজয় নিয়ে পুনর্বার সরকার গঠন করেন বঙ্গবন্ধুকন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এসইউ/২০৩২ ঘ.