২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফের ওপর চড়াও মহিউদ্দিন সমর্থকরা

মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগকে ‘নিজ স্বার্থে’ ব্যবহার করছেন বলে অভিযোগ এমপি এম এ লতিফের। আওয়ামী লীগ নেতাদের দাবি, লতিফ জামায়াতের ‘এজেন্ট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম চেম্বারের সামনে আয়োজিত সমাবেশে চড়াও হয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এম এ লতিফকে লাঞ্ছিত করেছে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহীম ও লতিফের সমর্থক এবং মহিউদ্দিন অনুসারীরা পাল্টাপাল্টি সামাবেশ ডাকায় বৃহস্পতিবার সকাল থেকে বন্দরনগরীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এরই মধ্যে সকাল ১০টার দিকে চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেন লতিফ ও মোরশেদ মুরাদ। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ আশেপাশের এলাকা ঘিরে রাখলেও বেলা ১১টার দিকে সাবেক মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে বক্তব্য দেয়া শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। তখন মহিউদ্দিনের প্রায় পাঁচশ অনুসারী পুলিশের বাধা ডিঙিয়ে লাঠিসোঁটা নিয়ে চেম্বারের সমাবেশের দিকে এগিয়ে যায় এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মহিউদ্দিন সমর্থকদের হাতে লাঞ্ছিত হন সংসদ সদস্য ও চট্টগ্রামে চেম্বারের সাবেক সভাপতি লতিফ। তখন পুলিশ পাহারায় লতিফ, মোর্শেদ মুরাদসহ চেম্বারের পরিচালকরা ভবনের ভেতরে ঢুকে পড়েন। অন্যদিকে চেম্বার ফটকের সামনের এলাকা দখল নিয়ে সেখানে বেলা সোয়া ১২টা পর্যন্ত ১৪ দলের ব্যানারে সমাবেশ করেন মহিউদ্দিনের অনুসারীরা। মহিউদ্দিন অনুসারীরা চেম্বার ভবনের নিচতলার কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জানালার কাচও ভাংচুর করে। ওই সময় আগ্রবাদ বাদামতলী মোড় সংলগ্ন বন্দরনগরীর ব্যস্ততম ওই বাণিজ্যিক এলাকার সড়কে যানবাহন চলাচল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। লতিফ নিজের ওপর হামলার বিষয়টি সরাসরি স্বীকার না করে বলেছেন, “শুধু আমার নয়, চট্টগ্রাম চেম্বারসহ পুরো ব্যবসায়ী সমাজের ওপর হামলা হয়েছে।” চেম্বারের ডাকা সমাবেশে অভিযোগ করা হয়, ১৪ দলীয় জোট, ছাত্রলীগ-যুবলীগের নাম ভাঙিয়ে মহিউদ্দিন চৌধুরী বন্দর এলাকায় আন্দোলনের নামে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছেন। চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহাবুবুল আলম তালুকদার, পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী ছাড়া আর কোনো নেতাকে সভাস্থলে দেখা যায়নি। সেখানে লতিফের সংসদীয় আসন থেকে আসা তার কয়েকশ অনুসারীকে দেখা যায়। অন্য দিকে পক্ষে মহিউদ্দিন সমর্থকদের সমাবেশে বক্তারা দাবি করেন, লতিফের ‘ভাড়া করা লোকজনই’ তাকে লাঞ্ছিত করেছে। ১৪ দলের ব্যানারে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, জাসদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাম্যবাদী দলের অমূল্য বড়–য়া, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। সমাবেশ থেকে চেম্বার সভাপতি মোর্শেদ মুরাদকে অবাঞ্ছিত এবং প্রতিহত এবং মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ‘অরুচিকর’ বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা দেয়া হয়। মোর্শেদ মুরাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে বেলায়েত বলেন, “মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যে বক্তব্য মোর্শেদ মুরাদ দিয়েছেন, তা কোনো ব্যবসায়ী নেতার বক্তব্য হতে পারে না।” মোর্শেদ মুরাদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টিতে যুক্ত। তার স্ত্রী মাহজাবীন মোর্শেদ জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। ইনামুল হক দানু বলেন, “আওয়ামী লীগ ও ১৪ দলে জামাত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে। জামায়াত-শিবিরের এজেন্ট সংসদ লতিফ।” হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন চৌধুরী সাহেব ছাত্রলীগ-যুবলীগ দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে চেম্বার ও ব্যবসায়ী সমাজের ওপর হামলা চালিয়েছে।” পুলিশ প্রতিরোধ না করে হামলাকারীদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য। এই হামলার ঘটনায় চেম্বারের পক্ষ থেকে ‘ব্যবস্থা’ নেয়া হবে বলেও জানান ব্যবসায়ী নেতা লতিফ। অবশ্য পুলিশ এই ‘বিশৃঙ্খলার’ জন্য লতিফ ও চেম্বার সভাপতির সমর্থকদের দায়ী করেছে। মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “চেম্বারের সামনের সমাবেশ সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ওই সময় মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা তাদের সমাবেশের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে যাচ্ছিলেন। “এক পর্যায়ে ব্যবসায়ীদের সমাবেশ থেকে কিছু লোক তাদের ধাওয়া দিলে মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা পুলিশি বাধা উপেক্ষা করে চেম্বারের সামনে এসে ভাংচুর চালায়।” তবে হামলায় ব্যবসায়ী নেতা কেউ আহত হননি দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তারা সবাই নিরাপদে চেম্বারের ভেতরে ঢুকে পড়েন।” স¤প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে মোর্শেদ মুরাদ ও লতিফ এর বিরোধিতা করেন। এর এক পর্যায়ে এনসিটির টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর গত ২২ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোর্শেদ মুরাদ বন্দর নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন এবং তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এর জের ধরে মানহানির অভিযোগে মোর্শেদ মুরাদের বিরুদ্ধে দুটি মামলা করেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। এ নিয়ে বুধবারই মুখোমুখি অবস্থানে চলে যায় দুই পক্ষ। মহিউদ্দিনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তার সমর্থকরা চেম্বার ভবনের সামনে সকালে সমাবেশ ডাকলে চেম্বারের পক্ষ থেকেও পাল্টা সমাবেশ ডাকা হয়। এদিকে চট্টগ্রাম চেম্বার ভবনে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সংঘর্ষের পর দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে লতিফ বলেন, “ছাত্রলীগ-যুবলীগ নামধারীদের ব্যবসায়ী সমাজের ওপর হামলায় ব্যবহার করে ঐতিহ্যবাহী এ দুই সংগঠনের সুনাম ক্ষুন্ন করা হয়েছে।” পুলিশকে দোষারোপ করে তিনি বলেন, “আমরা যখন সমাবেশ করছিলাম কিছু লোক হাতে লাঠি নিয়ে মাথায় লাল, হলুদ কাপড় বেঁধে আমাদের ওপর হামলা চালায়। পুলিশ ব্যবসায়ীদের সরে যেতে বলে, আর লাঠিয়াল বাহিনীকে চেম্বারের সামনে আসার সুযোগ করে দেয়।” ১৪ দলের ব্যানারে সমাবেশ থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে লতিফ বলেন, “একবার নয় আগেও অনেকবার আমাকে অবাঞ্ছিত করেছে তারা। নির্বাচনের আগে আমি যখন বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে এসেছিলাম, তখনো তারা আমাকে অবাঞ্ছিত করেছিল।” লতিফ অভিযোগ করেন, গত কিছুদিন ধরে মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বন্দরকে অস্থিতিশীল করার ‘পাঁয়তারা’ করছেন। “ব্যবসায়ীরা এর প্রতিবাদ করায় মহিউদ্দিন চৌধুরী ছাত্রলীগ, যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন।” মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনে ‘স্বার্থ’ রয়েছে দাবি করে এই তৎপরতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংসদ সদস্য লতিফ। সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মোর্শেদ মুরাদ বলেন, “চেম্বারের সামনে আজ যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। আমরা পুরো বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তাকেও জানাব।” অন্যদিকে বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ১৪ দলীয় জোটের নেতারা। লতিফকে লাঞ্ছিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বলেন, “তিনি লাঞ্ছিত হয়েছেন কি না, আমরা দেখিনি। তবে তার (লতিফ) ভাড়া করা লোকেরাই জনরোষ থেকে নিজেদের বাঁচাতে এ ঘটনা ঘটাতে পারে।” “সাংসদ লতিফ কিছু ভাড়াটে ও তার অনুসারী উচ্ছৃঙ্খল লোক নিয়ে ব্যবসায়ী সমাজের নামে সমাবেশ করেছে কুরুচিপূর্ণ বক্তব্য দেন মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে। তারাই একপর্যায়ে ওইখানে বিশৃঙ্খলা করে,” বলেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দেন এম এ লতিফ। এতে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হলে একপর্যায়ে তিনি জনতার দিকে ধেয়ে আসার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তিনি পুলিশ কর্মকর্তাদের ওপর চড়াও হতে সঙ্গে থাকা উচ্ছৃঙ্খল লোকজনকে লেলিয়ে দেন।” বেলায়েত বলেন, “আমরা এম এ লতিফকে সমাবেশে এসে বক্তব্য রাখার অনুরোধও করেছিলাম। তিনি সরকারের প্রত্যক্ষ অংশ। সরকারের নীতি কী, তা বুঝে তার চুপ থাকা উচিত ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/জেকে/এমআই/২০১০ ঘ.