ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের সময় একটি ঈদের পরদিন সকালে মুক্তিযুদ্ধবিরোধীরা নিহত বেশ কয়েক জন বাঙালিকে গণকবর দেয় বলে ট্রাইব্যুনালে এক সাক্ষী বলেছেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বাদশ সাক্ষী হিসেবে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার সোনা মিয়া।
আশির কোটায় পা রাখা এই কৃষক বলেন, “রাজাকার ও মুক্তিযুদ্ধবিরোধীরা ঈদের পরদিন সকালে গণকবর দেয়।”
১৯৭১ সালে জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে থাকা গোলাম আযম কুখ্যাত শান্তি কমিটি এবং মুক্তিযোদ্ধা হত্যায় সশস্ত্র রাজাকার, আল-বদর ও আল-শামসের মতো বাহিনী গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন বলেন অভিযোগ রয়েছে।
একাত্তরে হত্যায় প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী কয়েকটি অপরাধে গত ১৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মূলত জামায়াতে ইসলামী ও তার ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের সদস্য নিয়ে আল বদর, আল শামসের মতো সংগঠনগুলো গড়ে তোলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা সোনা মিয়া ট্রাইব্যুনালে বলেন, মুক্তিযুদ্ধের সময় ওই ঈদের রাতে তিনি গুলির শব্দ শোনেন।
পরদিন সকালে যেদিক থেকে গুলির শব্দ আসে সেদিকে গিয়ে তিনি দেখতে পান রাজাকাররা মৃতদেহ দাফন করছে।
‘পড়ে থাকা ওই সব ব্যক্তির মধ্যে একজনের হাত নড়ছিল’ উল্লেখ করে তিনি বলেন, ওই ব্যক্তিকে কবর না দেয়ার জন্য তিনি তাদের অনুরোধ করেন। আহত ওই ব্যক্তিকে তিনি একটি সড়কের পাশে নিয়ে যান এবং পরে সেখান থেকে সে চলে যায়।
এর আগে প্রসিকিউশনের এক সাক্ষী বলেন, একাত্তরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলে বন্দি ছিলেন। এক ঈদের দিন সন্ধ্যায় ৪০ জনকে পাকিস্তানি সেনাদের কাছে নেয়া হয়। তাদের মধ্যে তিনিও ছিলেন।
শফিউদ্দিন নামের ওই সাক্ষী বলেন, পাকিস্তানি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার সাদুল্লা তাকে জেলে ফেরত পাঠাতে সেনাদের নির্র্দেশ দেন এবং তাকে আবার কারাগারে পাঠানো হয়।
তিনি আদালতে বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্বাধীন হওয়ার বেশ কয়েক মাস পর ওই ৪০ জনের তালিকায় থাকা চিনু মিয়া নামের একজনের সঙ্গে ঢাকায় তার দেখা হয়।
তিনি বলেন, ওই ৪০ জনের মধ্যে চিনু মিয়াই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সেদিনের গণহত্যার মধ্যে বেঁচে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২৩২৩ ঘ.
bdnews24