ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের বিবৃতিই প্রমাণ করে যে, সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে।
মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে তাদের অবস্থান সরকারের কর্মকর্তারা ভুলভাবে ব্যাখ্যা করছেন। প্রকল্পে জড়িত কর্মকর্তাদের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ বিশ্ব ব্যাংক সরকারকে দিলেও তাতে সাড়া না পেয়েই তারা ঋণচুক্তি বাতিল করে।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “এ রকম বিবৃতি দেশের জন্য লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশ্ব ব্যাংক বলছে, শর্তপূরণ হলেই পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি তারা পুনর্বিবেচনা করবে। অথচ আমাদের অর্থমন্ত্রী ও সচিব মহোদয়রা এমনকি প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে আবার অর্থায়ন করতে রাজি হয়েছে।”
“একটি শপথ গ্রহণকারী সরকারের পক্ষে এ রকম মিথ্যাচার গুরুতর অসদাচরণ বলে আমরা মনে করি। এজন্য সরকারের পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিৎ”, যোগ করেন বিএনপির মুখপাত্র।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ফখরুল সাংবাদিকদের বলেন, “সামগ্রিকভাবে দুর্নীতি ও পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে বিশ্ব ব্যাংকের বিবৃতিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তাতে জাতি হিসেবে আমরা লজ্জিত হচ্ছি। এই বিবৃতি থেকে বোঝা যায়, বিশ্ব ব্যাংক সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।”
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন।
রেলের ভাড়া বৃদ্ধির নিন্দা
রেলের ভাড়া পঞ্চাশ শতাংশ বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রেল পরিবহন সাধারণ মানুষের জন্য একটি সহজ ও সুলভ পরিবহন ব্যবস্থা। এর ভাড়া পঞ্চাশ শতাংশ বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠবে।”
সরকারকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা বলেন, “সাধারণ মানুষের উন্নয়নে তাদের মাথাব্যথা নেই। কীভাবে দুর্নীতি করে অর্থ সম্পদ করা যাবে, বিরোধী দলকে ধ্বংস করা যাবে- এটাই তাদের চিন্তা।”
রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কোনো কর্মসূচি দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “জনগণের ভোগান্তি হয়, এমন কোনো কর্মসূচি পারতপক্ষে আমরা দিতে চাই না।”
রেলের অর্থ কেলেঙ্কারি ও হলমার্কের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, “সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর একজনকেও সরকার গ্রেপ্তার করেনি। একটি ব্যাংক থেকে সাড়ে চার হাজার কোটি টাকা লুট হয়ে গেল... কোনো প্রতিকার নেই।”
এ কারণে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে ‘আস্থার সংকটে ভুগছে’ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“এ রকম অবস্থা হলে আমানতকারীরা ব্যাংকে অর্থ রাখবেন কীভাবে? দেশের মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে আস্থা পাচ্ছেন না।”
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সরকার দুর্নীতির ব্যাপারে যতোটা পারঙ্গম দেশ শাসনের ক্ষেত্রে তারা ততোটাই ব্যর্থ ও অযোগ্য।”
আন্দোলন
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিএনপি কর্মসূচি দিয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যতক্ষণ সরকার দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন-কর্মসূচি চলবে।
সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কূটনীতিকরা আমাদের বিভিন্ন সময়ে দাওয়াত দিয়ে থাকেন। আমরাও তাদের ফিরতি আমন্ত্রণ জানাই। এ বৈঠকগুলো সে রকম সৌজন্যমূলক দাওয়াতের অংশবিশেষ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৬৫০ ঘ.
bdnews24