২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ১৯ জনের বিরুদ্ধে ছাত্রদলকর্মীর মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রদল কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রদল কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আব্বাস আলী বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জানান, মহানগর হাকিম মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার তুহিন; সূর্যসেন হলের আবদুল বাতেন, সিয়াম, শিমুল; জসীম উদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন; জসীম উদ্দিন হলের নেতা ও ভাষা বিজ্ঞান বিভাগের ছাত্র মো. মেহেদী; স্যার এ এফ রহমান হলের শাহেদ, ফেরদৌস; জহুরুল হক হলের তানভীর, সোহাগ, রিফাত, শরীফ নয়ন; মহসীন হলের বিপ্লব, জগন্নাথ হলের শেখর; সলিমুল্লাহ হলের রাইসুল ইসলাম আসাদ, দিদার এবং অন্য একটি হলের ছাত্র সবুরসহ ১৯ জন। এছাড়া নাম উল্লেখ না করে আরো ১০/১২ জনকে আসামি করেছেন বাদী। তিনি আরজিতে আসামিদের সবাইকে ছাত্রলীগের নেতাকর্মী বলে উল্লেখ করলেও নিজের কোনো রাজনৈতিক পরিচয় দেননি। গত ১০ সেপ্টেম্বর ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার পথে ছাত্রলীগের হামলার শিকার হন। এতে আহত হন আব্বাস আলীসহ তিন ছাত্রদলকর্মী। আরজিতে বলা হয়, ওই দিন বাদী ক্লাস শেষে আজিমপুরে বাসায় ফেরার পথে তুহিনসহ অন্য আসামিরা চাইনিজ কুড়াল, রড, হকিস্টিক নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি জখম হন। এ সময় আসামিরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর ঢাকা মেডিকেল ও কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নেন বলেও আরজিতে উল্লেখ করেন বাদী। তিনি দাবি করেছেন, গত ১৫ সেপ্টেম্বরে শাহবাগ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নেয়ায় তিনি আদালতে আরজি নিয়ে আসতে বাধ্য হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৪৫০ ঘ.