২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: পাবনা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৬

দলীয় কোন্দলে এক কর্মী নিহতের ঘটনায় পাবনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 05:55 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

পাবনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কোন্দলে এক কর্মী নিহতের ঘটনায় পাবনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা এবং কর্মী মাহবুব, সাদ্দাম হোসেন, আব্দুল মোতালেব ও আব্দুল মোমিন। পাবনা সদর থানার পরিদর্শক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি কর্মী মিলন হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলি নিহত হন মিলন হোসেন। আহত হন আরো ৩০ জন। ওই সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযাগে সোমবার গভীর রাতে সদর থানা দুটি মামলা করে পুলিশ। পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ২৭ জনকে। আর দ্রুত বিচার আইনে করা দ্বিতীয় মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই আসামির তালিকায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে বলে পরিদর্শক নুরুল আলম জানান। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনসহ স্থানীয় বিএনপির ১২/১৩ নেতাকে গ্রেপ্তারের জন্য সোমবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৪৫ ঘ.