ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় ঢাকার মহানগর আদালতের সাবেক হাকিম এস এম এমদাদুল হকের সাক্ষ্য ও জেরা সোমবার গ্রহণ করা হয়েছে।
তিনি এই মামলার অন্যতম আসামি ডিএডি তৌহিদুর রহমানসহ ২০ জনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছিলেন।
এমদাদুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে কর্মরত।
রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে পিলখানা হত্যা মামলার বিচারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে এমদাদুল তার জবানবন্দি উপস্থাপন করেন।
পরে হাকিমকে জেরা করা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষ হওয়ার আগে শুনানি মুলতবি হওয়ায় আগামী বুধবারও তাকে জেরা করা হবে।
এর আগে সকালে মামলার অন্যতম সাক্ষী হাকিম মোয়াজ্জেম হোসেনকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা।
মোয়াজ্জেম হোসেন গত ১৯ সেপ্টেম্বর জবানবন্দি দিয়েছিলেন। তিনি ২৪ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় সীমান্ত রক্ষা বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
এই ঘটনার মামলায় হাকিম এস এম এমদাদুল হকের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ পর্যন্ত ৩৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১২৬ ঘ.
bdnews24