ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি সরকারের সময়ে ‘অপারেশন ক্লিনহার্ট’ নামের বিশেষ অভিযানে যেসব ‘বিচার বহির্ভূত’ হত্যা হয়েছে, সেসব ‘রহস্যও’ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘গুম’ করার অভিযোগ প্রসঙ্গে সোমবার দুপুরে র্যাব কার্যালয়ে মন্ত্রী বলেন, “তিনি আদৌ গুম হয়েছেন কী না জানি না। তাদের (তাদের) ক্ষমতার সময় অনেক তাণ্ডব দেখানো হয়েছে। তাতে অনেকেই গুম হয়েছিল।”
“অপারেশন ক্লিনহার্ট নামে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার রহস্যও উদঘাটন করব”, যোগ করেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্লিনহার্ট নামে সামরিক বাহিনীর অভিযান চলে।
সন্ত্রাস দমনে বিশেষ ওই অভিযান চালানো হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও তখনকার বিরোধী দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি ছিল, বিরোধী কর্মীদের নিশ্চিহ্ন করতেই ওই অভিযান চালানো হয়।
ওই অভিযানে ৬০ জন নিহত হয় বলে মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস ওয়াচ দাবি করে। তবে সরকারের পক্ষ থেকে তখন স্বীকার করা হয়েছিল, গ্রেপ্তার অবস্থায় ১২ জন ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছে।
২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ ওই অভিযানে অংশ নেওয়া সামরিক বাহিনী কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে আইন করে বিএনপি-জামায়াত জোট সরকার। ওই আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট চলতি বছর একটি রুল জারি করেছে।
বিচার বহির্ভূত হত্যা
মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। যারা বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা প্রস্তুত।”
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা ‘খুবই কম হয়েছে’ বলেও তিনি দাবি করেন।
এর কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, “ছুরি দিয়ে মাছও কাটা যায়, মানুষও কাটা যায়। কী কাটবেন, তা নির্ভর করে যার হতে বটি তার প্রয়োগের ওপর। সরকার কর্তৃত্ব প্রয়োগ করছে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে।”
মন্ত্রী এই দাবি করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিচার-বহির্ভূত হত্যা বন্ধের অঙ্গীকার করলেও তা চলছেই। ২০১১ সালেই র্যাবের হাতে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন, যার কোনোটিরই বিচার হয়নি।
নতুন মন্ত্রিত্ব পাওয়া আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান বলেন, সব ঘটনা বিচার ‘বহির্ভূত হত্যার সংজ্ঞায়’ পড়ে বলে তিনি মনে করেন না ।
ডাকাত, জঙ্গি, অপহরণকারীদের ধরতে গিয়ে ‘শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের’ বিষয়টিকে ‘বিচার বহির্ভূত’ বলে মনে করেন না বলেও তিনি জানান।
সাগর-রুনি হত্যা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন আলমগীর বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। তদন্তের স্বার্থে কিছু বলব না। র্যাব সচেষ্ট রয়েছে। অতিসত্বর হত্যার রহস্য উদঘাটন করে অপরাধীদের প্রচলিত আইনের মাধ্যমে বিচার করা হবে।”
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে স্মৃতিসৌধে ফুল দেন। পরে তিনি বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/এমডি/জেকে/এমআই/১৯০৫ ঘ.
bdnews24