চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিআরটিসি বাসে আগুন এবং বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া চট্টগ্রামে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতালে।
হরতালের সমর্থনে পিকেটিং করার সময় নগরীর আগ্রাবাদ ও কাতালগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে পাঁচ জনকে।
সকালে হরতালের শুরুতে পিকেটাররা নগরীর আগ্রাবাদ বাদামতলীর মোড়ে একটি বিআরটিসি দ্বিতল বাসে আগুন দেয়। এ ছাড়া হরতাল সমর্থকরা রাহাত্তারপুল এলাকায় ভাঙচুর করে কয়েকটি বাস।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকেটাররা একটি বাস ভাঙচুরের পর তাতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওই সময় ঘটনাস্থল থেকে মো. নাঈম উল্লাহ (২০), মো. খবিরুল ইসলাম (২২), আজাদ উদ্দিন (১৮) নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
এদিকে দুপুরে কাতাগঞ্জ বৌদ্ধ মন্দির এলাকায় দুইটি সিএনজি অটো রিকশা ভাঙচুরের সময় গোলাম মোস্তাফা (১৯) ও আবুল সাজ্জাদ (২১) নামে দুই পিকেটারকে গ্রেপ্তার করা হয়।
বাসে আগুন ও ভাঙচুরের কারণে সকালের দিকে সড়কগুলোতে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। দুপুরের পর থেকে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল।
এদিকে হরতালের কারণে বিভিন্ন সরকারি-অফিস-আদালত-ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা ছিল, তবে কার্যক্রম চলেছে সীমিতভাবে। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা-নামায় কোনো ছেদ পড়েনি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ বিভিন্ন পোশাক শিল্প কারখানার কার্যক্রমও ছিল স্বাভাবিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/১৮৫৬ ঘ.
bdnews24