ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাফত আন্দোলনসহ ১২টি ইসলামী দলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কার্যক্রম ছিল স্বাভাবিক।
তবে কড়া নিরাপত্তা এবং দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির কারণে গাড়ি কম থাকায় সচিবালয় কিছুটা ফাঁকা দেখা যায়।
সচিবালয় ও এর আশেপাশে এলাকা ও সড়কগুলোতে হরতালকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সচিবালয় সংলগ্ন সড়কগুলোর একাংশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
হরতাল শুরুর আগে থেকেই তৎপরতা শুরু করেন সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তারাও ভোর থেকেই পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই উপস্থিত হয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-নেতা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বিমান মন্ত্রণালয়ের সঙ্গে ১১টার দিকে আন্তঃমন্ত্রণালয় সভায় বসে ধর্ম মন্ত্রণালয়।
যেসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাইরে কর্মসূচি নেই, তারা সকাল সাড়ে ১০টার মধ্যেই তাদের দপ্তরে উপস্থিত হন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কয়েকজন মন্ত্রীকে ১১টার পর সচিবালয়ে ঢুকতে দেখা যায়।
কর্মকর্তারাদের কেউ কেউ অফিসে আসতে অফিসের গাড়ি ব্যবহার করেননি। তাই অনেক স্থানে পার্কিংয়ের স্থানগুলো ফাঁকা পড়ে থাকে।
যুক্তরাষ্ট্রে ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে।
পল্টন ও এর আশপাশের এলাকায় দু’টি প্রতিদ্বন্দ্বী পক্ষ সমাবেশের ঘোষণা দিলে শনিবার ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের জের ধরে হরতাল দেয় দলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪০ ঘ.
bdnews24