২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা বগুড়ায়

বগুড়ায় রাত কাটিয়ে রোববার দিনাজপুরে ১৮দলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বগুড়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শনিবার রাত সাড়ে ৯ টায় বগুড়া পৌঁছেছেন। জেলা বিএনপি নেতারা সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া সার্কিট হাউসে রাত কাটিয়ে পরদিন সকাল ১১টায় দিনাজপুর রওনা হবেন খালেদা জিয়া। রোববার বিকালে দিনাজপুরের গোর-এ- শহীদ ময়দানে ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া প্রধান অতিথির ভাষণ দেবেন। সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই ময়দানে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে জনমত গড়ে তোলার অংশ হিসেবে রোববার খালেদা জিয়া দিনাজপুরের এই জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৬ অক্টোবর হবিগঞ্জ ও ৯ অক্টোবর বরিশালে জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে শনিবার বিকালে ঢাকার গুলশানের বাসা থেকে খালেদা জিয়া দিনাজপুরের পথে রওনা হন। উত্তরা থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে দলের হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানান। খালেদা জিয়া তার গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন। বগুড়ার প্রবেশপথ থেকে নেতা-কর্মীরা রার্স্তা দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র দিনাজপুর প্রতিনিধি জানান, জনসভার সব প্র্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় গোর-এ-শহীদ ময়দানে জনসভার মঞ্চ তৈরির পাশাপশি সড়ক মহাসড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। নানা রংয়ের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক। রোববারের জনসভা সফল করতে সার্বিক দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দিনাজপুরের জনসভাকে স্মরণকালের ঐতিহাসিক জনসভায় পরিণত করতে চাই। “আট জেলার পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটিয়ে এই জনসভা থেকে সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করতে চাই। জোটের শরিকরাও একইভাবে কাজ করছে।” জেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, বিরোধী দলীয় নেতা দিনাজপুরে এসে স্থানীয় ফরিদপুর গোরস্থানে তার বাবা ইস্কান্দার মির্জা, মা বেগম তৈয়বা মজুমদার এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করে জনসভায় যোগ দেবেন। এদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহম্মেদ, এলডিপির অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান প্রমুখ শনিবার বিকালে দিনাজপুর পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৫ঘ.