ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ফিরে আসায় এখন তা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, “সরকারের সফল রাজনৈতিক ও কুটনৈতিক তৎপরতায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে ফিরে এসেছে। এতে ঈর্ষান্বিত হয়ে ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিয়ে মিথ্যাচার করছেন। জোট সরকার তাদের আমলে পদ্মা সেতু নিয়ে কিছুই করেনি।”
মোহাম্মদপুরে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রতিন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বিএনপিকে অপপ্রচার থেকে বেরিয়ে এসে পদ্মা সেতু বাস্তবায়ন ও গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলকে আগামী সংসদ নির্বাচন কর্মকা-ে সরকারকে সহায়তা করার আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাড়ে তিন বছরে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আধুনিকায়ন ও স¤প্রসারণ করেছে। এতে দেশে-বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট এক্ষেত্রে তিন দশকের বেশি সময় ধরে সরকারের সহায়ক ভূমিকা রেখেছে।
এর আগে ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী।
ইনস্টিটিউটের অধ্যক্ষ এমএ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম জহিরুল আলম, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল ইসলাম ও ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ সভাপতি একেএম আহম্মেদ উল্ল্যাহ ভূঁইয়া বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১০৭ ঘ.
bdnews24