২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে চুরিতন্ত্র কায়েম হয়েছে: সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, সবক্ষেত্রে সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকার দেশে চুরিতন্ত্র কায়েম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, সবক্ষেত্রে সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকার দেশে চুরিতন্ত্র কায়েম করেছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে পার্টির জেলা সম্মেলনের উদ্বোধন সমাবেশে তিনি এসব কথা বলেন। মনজুরুল আহসান খান বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশবাসী হাওয়া ভবনের দুর্নীতি দেখেছে। আর বর্তমান সরকারের আমলে গণভবনের দুর্নীতি দেখছে। দেশের গণতন্ত্র রক্ষায় বাম শক্তির একত্রিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন সিপিবি সভাপতি। সরকারের সমালোচনা করে মনজুর বলেন, আওয়ামী লীগ এখন জনগণের অপছন্দের দলে পরিণত হয়েছে। সরকার মানুষের চাহিদা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গ্যাস-পানি আর বিদ্যুৎ সংকট মোকাবেলায় ব্যর্থতার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণেও তারা ব্যর্থ হয়েছে। পার্টির জেলা কমিটির সভাপতি জিয়া হায়দার ডিপটির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, লক্ষ্মী চক্রবর্তী, মন্টু ঘোষ, রথীন চক্রবর্তী, দুলাল সাহা, রফিউর রাব্বি, আবদুর রহমান, এ বি সিদ্দিক প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে শহীদ মিনারে উন্মেষ, উদীচী ও এই বাংলায় সংগঠনের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৫ ঘ.