২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে সমঝোতায় আসার আহ্বান বিএনপির

“নির্বাচিত সরকারের ধোঁয়া না তুলে সমঝোতায় আসুন। অস্থিতিশীল পরিবেশ ও অস্থিরতা থেকে দেশকে রক্ষার স্বার্থে সমাধানের পথে আসুন,” বলেছেন বিএনপি মুখপাত্র ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে ‘টালবাহানা’ বাদ দিয়ে সমঝোতায় আসতে সরকারকে আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। বিএনপির এই মুখপাত্র বলেন, সংবিধানের এয়োদশ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায়ের পুরো উল্টোটি হয়েছে পূর্ণাঙ্গ রায়ে। এমন নজির বিশ্বের কোথাও নেই। “পূর্ণাঙ্গ রায়ে নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ওই সময়ে সরকারে যারা মন্ত্রী থাকবেন, তারা কি নির্বাচিত থাকবেন? তাই সরকারকে বলব, নির্বাচিত সরকারের ধোঁয়া না তুলে সমঝোতায় আসুন। অস্থিতিশীল পরিবেশ ও অস্থিরতা থেকে দেশকে রক্ষার স্বার্থে সমাধানের পথে আসুন।’’ ধানমন্ডির উইংস সেন্টারে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস এলায়েন্স (বিএনবিএলএসএ) এর উদ্যোগে ‘মানবাধিকার পরিস্থতি ও তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ। আপিল বিভাগের সাত বিচারপতির ওই রায়কে ভিত্তি ধরেই সংবিধান সংশোধন করে মহাজোট সরকার, যাতে বিলুপ্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই সময় সংক্ষিপ্ত রায়ে সর্বোচ্চ আদালত বলেছিল, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন হতে পারে বলে রায়ে মত দেয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে অনীহা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংবিধান সংশোধন করে বিএনপি। এয়োদশ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ের সঙ্গে ১৬ মাস পরে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের ‘অমিল’ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিলো- জনগণের স্বার্থে আরো দুটি জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে ওই সরকারের প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের বিচারকদের বাদ দিয়ে কাকে করা যায়, তা সংসদ নির্ধারণ করবে। “কিন্তু সংক্ষিপ্ত রায় ঘোষণার পরপর সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এ বদলে তারা সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংযোজন করে। “আমরা মনে করি, আওয়ামী লীগ উল্টো পথে হাটছে। বিচার বিভাগও উল্টো পথে চলছে।’’ নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠনে কাজ করার জন্য তরুণ আইনজীবীদের প্রতি আহবানও জানান তিনি। দেশে কোনো মানবাধিকার নেই বলে দাবি করেন এই বিএনপি নেতা। এ প্রসঙ্গে তিনি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অধিকার এর প্রতিদেনের কথা তুলে ধরেন। দলের নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, কোন দেশে আমরা বাস করছি? গুম হয়ে যাওয়া ইলিয়াস আলীর ছোট মেয়ে সাইয়ারা নাউয়াল বাবার প্রতীক্ষায় দিন গুণছে। কিন্তু সরকারের সেই মানবিকতাবোধ নেই। সংগঠনের প্রেসিডেন্ট জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এজাজ কবীর বিএনবিএলএসএ’র সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.