২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার এবারই শেষ করব: প্রধানমন্ত্রী

তিস্তা সেতুর উদ্বোধনের পর বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার না করে তাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। আমাদের আমলেই তা শেষ করা হবে।” বৃহস্পতিবার বিকালে তিস্তা সেতু উদ্বোধনের পর লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি ১৯৯৬ সালে তিস্তা সড়ক সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলাম। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সেতুর কাজ বন্ধ করে রেখেছিল। ক্ষমতায় আসার মাত্র ৩ বছরের মাথায় আমি সেতুর কাজ শেষ করেছি।” আগামীতে জনগণের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেজন্য দেশপ্রেমিক নাগরিকদের সজাগ থাকার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমি রংপুরকে বিভাগ করেছি, রংপুরে বিশ্ববিদ্যালয় করেছি। দেশের কল্যাণে কৃষিবান্ধব সরকার হিসেবে কাজ করে যাচ্ছি। বিগত সরকারের আমলে কৃষকের কোন উন্নয়ন হয়নি। আমাদের সরকার কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।” প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় তার পাশে ছিলেন মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পাট ও বস্ত্রমন্ত্রী আবুল লতিফ বিশ্বাস, রেলপথমন্ত্রী মজিবুল হক ও পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের আগের মেয়াদে ২০০১ সালের ১ জুলাই তিস্তা সেতুর প্রথম দফা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেখ হাসিনা। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় গিয়ে ২০০৬ সালের ৫ অগাস্ট আবারো এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া । ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু উন্মুক্ত হলো দ্বিতীয় দফা ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পর। তিস্তা সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নবনির্মিত বহুতল ভবন, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভবন, লালমনিরহাট-বুড়িমারী ৮৫ মিটার রেললাইনের সংস্কার করা নতুন অংশের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট ভবন এবং গঙ্গাচড়া-বুড়িরহাট-মহিপুর কৈলাশগঞ্জ-শংকরদহ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার দ্বিতীয় তিস্তা সড়ক সেতু ও লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ি সড়কে দ্বিতীয় ধরলা সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২০০ ঘ.