ঢাকা/টাঙ্গাইল/সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা আব্দুস সোবহানকে পাবনার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে গোয়েন্দা পুলিশ মওলানা সোবহানকে আটকের পর দুপুরে তাকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
পরে পাবনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুছ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মওলানা আব্দুস সোবহান প্রতি মাসেই একবার করে গ্রামের বাড়ি পাবনা বেড়াতে যান। সকালে তিনি ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে একটি গোয়েন্দা সংস্থা তাকে আটক করে।
“এ সময় মওলানা সোবহানের সঙ্গে তার দুই ছেলেও ছিল। আটকের পর টোল প্লাজার কাছে তাকে গাড়িতে বসিয়ে রাখা হয় । পরে তাকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়।”
বিকেল ৪টা ৪০ মিনিটে পুলিশের একটি গাড়িতে তাকে পাবনা পাঠানো হয়। মওলানা সোবহানের সঙ্গে তার বড় ছেলে রয়েছেন বলে জানান ওসি।
এর আগে র্যাব-১২ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল এ টি এম আনিসুজ্জামান জানান, ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেতুর টোল প্লাজা থেকে আব্দুস সোবহানকে আটক করা হয়।
আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুস সোবহানকে আটক করা হয়েছে। তাকে টাঙ্গাইল পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কিছু না বললেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরই একটি দল তাকে টাঙ্গাইলে আটক করেছে বলে শুনেছি।”
অবশ্য জামায়াতে ইসলামীর টাঙ্গাইল শহর শাখার সেক্রেটারি আহসান হাবিব মাসুদ দাবি করেছেন, পাবনার সাবেক সাংসদ মাওলানা সোবহানকে আটক করেছে সেনা সংস্থার লোকেরা।
তিনি বলেন, “বঙ্গবন্ধু সেতু এলাকায় পৌঁছানোর পর ডিজিএফআইয়ের সদস্যরা তাকে আটক করে। তাকে ওই এলাকায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/সিএস/এইচএ/১৯৩৪ ঘ.
bdnews24