২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখুন: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা নিতেও সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালায়কে দুর্নীতিমুক্ত রাখতে নজরদারি বাড়ানোর জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিব সভায় তিনি বলেন, “নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে কঠোর নজরদারির মাধ্যমে দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” বর্তমান সরকারের প্রায় তিন বছর আট মাসে সচিবদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর পঞ্চম সভা। বিগত সচিব সভার পর ১৫ জন সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এ ছাড়া ১৪ জন দায়িত্ব পান ভারপ্রাপ্ত সচিবের। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “তথ্য অধিকার আইনের আওতায় জনগণকে প্রদত্ত অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আপনারা ভূমিকা রাখতে পারেন।” প্রধানমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য অনলাইনে ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালনাগাদকরণ, ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা, ডিজিটাল নকশা ও খতিয়ান প্রণয়নে সরকারের লক্ষ্যের কথা জানান। পাশাপাশি প্রচলিত রেকর্ডের (খতিয়ান) পরিবর্তে ভূমি মালিকানা সনদ প্রবর্তন করার লক্ষ্যে সার্বিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রবর্তন করার জন্য কাজ করে যাওয়ার তাগিদ দেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রক্রিয়া সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এতে এসব সম্পত্তির প্রকৃত মালিকরা উপকৃত হবেন।” অনিতিবিলম্বে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে সেগুলো সরকারের দখলে নিতে সচিবদের নির্দেশ দেন সরকার প্রধান। তিনি আরো বলেন, “উদ্ধারকৃত জমি যাতে আর বেদখল না হয়, তা নিশ্চিত করতে হবে।” বিদ্যুৎ খাতে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আমরা বিদ্যুৎ খাতকে জরুরি খাত হিসেবে ঘোষণা করেছি। শিগগির লোডশেডিংমুক্ত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব বলে আশা করি।” আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পাওয়া এবং ভূমির পরিকল্পিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ভূমির পরিকল্পিত ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমি স্বল্পতা ও এর সর্বোত্তম ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।” বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান। শেখ হাসিনা বলেন, “বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের যথেষ্ট সফলতা থাকা সত্ত্বেও যথার্থ প্রচারের অভাবে জনগণ সব তথ্য জানতে পারছে না। স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের ফলে জনগণ বিভ্রান্ত হচ্ছে।” এক্ষেত্রে সরকারি কর্মকা-ের যথাযথ প্রচারের ব্যবস্থা করার জন্য সচিবদের নির্দেশ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮০৬ ঘ.