২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর নির্বাচনে অংশ নিতে পারছেন না বজলুল

কাপাসিয়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের অংশগ্রহণ চেম্বার বিচারপতির আদেশে আবার আটকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপাসিয়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের অংশগ্রহণ চেম্বার বিচারপতির আদেশে আবার আটকে গেছে। তার মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্ট যে নির্দেশ নির্বাচন কমিশনকে দিয়েছিল, তা ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া। নির্বাচন কমিশনের করা এক আবেদনে বুধবার তিনি এই আদেশ দেন। বজলুল হক গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার পর ত্রুটি থাকার কথা বলে গত ৫ সেপ্টেম্বর তা বাতিল করে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাও বাতিল করে দেয়। এরপর এ বিষয়ে হাই কোর্টে রিট আবেদন করেন বজলুল হক। তার আবেদন শুনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ নির্বাচন কমিশনকে বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়। হাই কোর্টের ওই আদেশই বুধবার স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। বজলুল হকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৩৫ ঘ.