২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুভার পেলেন এমকে আলমগীর-ইনু

মেয়াদের শেষ সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার পেয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের অন্যতম নীতিনির্ধারক মহিউদ্দীন খান আলমগীর। গণমাধ্যম ‘সামলাবেন’ শরিকদল নেতা হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সুমন মাহবুব ও মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় বড় ধরনের এক রদবদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়াদের শেষ সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার দিয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা ও দলের অন্যতম নীতিনির্ধারক মহিউদ্দীন খান আলমগীরকে। গণমাধ্যমের বড় সমালোচনার মুখে পড়া সরকার বদলেছে তথ্যমন্ত্রীকেও। গণমাধ্যম ‘সামলাতে’ শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন প্রথমবার মন্ত্রী হওয়া শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। গণমাধ্যমের একটি অংশের ব্যাপক সমালোচনার পরও প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয় চালাতে ভরসা রেখেছেন বর্ষীয়ান আবুল মাল আবদুল মুহিতের ওপর। শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল হয়েছে। মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসাইন ভূইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের তথ্য নিশ্চিত করেছেন। এই রদবদলে প্রধানমন্ত্রী দৃশ্যত সমালোচনার মুখে থাকা মন্ত্রীদের দায়িত্ব থেকে সরিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি খাতের নিয়ন্তা করেছেন সাবেক কূটনীতিক মোস্তফা ফারুক মোহাম্মদকে। আলোচিত মন্ত্রণালয় রেলপথে এনেছেন বিশ্বস্ত দলীয় সাংসদ মুজিবুল হককে। সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস কেলেঙ্কারি ও পরে ওবায়দুল কাদেরের দৃশ্যমান তৎপরতার কারণে নতুন এই মন্ত্রণালয়টি আলোচনায় উঠে আসে। সাবেক কূটনীতিক এ এইচ মাহমুদ আলী পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বরাদ্দের ‘সদ্ব্যবহারে’ তার দক্ষতা ও অভিজ্ঞতার পরীক্ষা হবে। প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরীকে শিল্প এবং আব্দুল হাইকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। রাজিউদ্দিন আহম্মেদ রাজুকে টেলিযোগাযোগ থেকে সরিয়ে শ্রমমন্ত্রী করা হয়েছে। নরসিংদী-৫ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই মন্ত্রীর বিরুদ্ধে পৌর চেয়ারম্যান লোকমান হোসেন হত্যাকা-ে ‘ইন্ধনদাতা’ হিসাবে নিহতের পরিবার অভিযোগ করে আসছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমে নানা মন্তব্য করে এরই মধ্যে দল ও দলের বাইরে সব পর্যায়ে তোপের মুখে ছিলেন সাহারা খাতুন। ৪৮ঘণ্টায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা-ের কোনো কূলকিনারা করতে না পারায় গণমাধ্যমকর্মীরা তার বিরুদ্ধে কর্মসূচি দিয়ে আসছে। তথ্য মন্ত্রণালয় হারিয়েছেন আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর বেয়াই (মেয়ের শ্বশুড়) খন্দকার মোশাররফ হোসেন শ্রম ও কর্মসংস্থান হারিয়ে এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে। খন্দকার মোশাররফের মতোই আব্দুর রাজ্জাক পালন করবেন শুধু খাদ্যমন্ত্রীর দায়িত্ব। ইনুকে তথ্যমন্ত্রী করায় আবুল কালাম আজাদের হাতেও থাকল শুধু সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্য হিসাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ছয় নেতা ও সরকারের শরিক দল জাসদের একজন শপথ নেন। বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাদের এই শপথের মধ্য দিয়ে বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা অর্ধশতক পূর্ণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার গঠন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর এ পর্যন্ত চার দফা রদবদল আনা হয়েছে মন্ত্রিসভায়। সর্বশেষ গত বছরের নভেম্বরে মন্ত্রিসভায় যোগ হন রাজনীতির দুই পুরনো মুখ সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের। শেখ হাসিনার গত সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল জরুরি অবস্থার সময় সুরঞ্জিতের মতো সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পেয়ে দলীয় কর্মীদের সমালোচনার মুখে পড়েন। এবার মন্ত্রী হওয়ার ডাক পেয়েও তা তিনি নেননি। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও মন্ত্রিত্বের ডাক পেয়েছিলেন। তবে আমন্ত্রণ ‘রাজনৈতিক প্রক্রিয়ায়’ না হওয়ায় তিনিও তা ফিরিয়ে দিয়েছেন। এই দু’জনের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার ঘটনা আলোচনার ঝড় তুলেছে রাজনীতিতে। সরকারবিরোধী রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যম এই ঘটনাকে সরকারের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখলেও মন্ত্রী সুরঞ্জিত একে রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। সদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মহীউদ্দীন খান আলমগীর গত আওয়ামী লীগ সরকারে টেকনোক্র্যাট হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এই সাবেক সচিবকে জরুরি অবস্থার সময় কারাভোগও করতে হয়েছে। আর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক সংসদে হুইপের দায়িত্ব পালন করে আসছিলেন। মহাজোট সরকারের বর্তমান মন্ত্রিসভায় আগেই স্থান পেয়েছিলেন শরিক দলগুলোর দুই নেতা জাতীয় পার্টির জি এম কাদের ও সাম্যবাদী দলের দীলিপ বড়–য়া। এবার তাদের সঙ্গে যোগ দিলেন জাসদ সভাপতি ইনু। প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নেয়া সৈয়দ আবুল হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তানজিম আহমদ (সোহেল তাজ) পদত্যাগ করেন। রেলমন্ত্রী সুরঞ্জিত পদত্যাগ করলেও তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এমআই/এএল/২০২৪ ঘ.