ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিশির মোহাম্মদ রহমাতুল্লাহ প্রকাশিত ‘চাকরি এখন সোনার হরিণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান।
তিনি বলেন, “বর্তমান সরকার যুব সমাজের কর্মসংস্থান করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের আগে বলেছিল- প্রতি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেবে। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বরং চাকরি দেয়ার কথা বলে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে।”
মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে বিরোধী দলের এই নেতা বলেন, “এতে কোনো লাভ হবে না। মহাজোটের শরিক দল মন্ত্রিসভায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আপনাদের প্রতি অনাস্থা জানিয়েছে। এই সরকারের সময় শেষ হয়ে এসেছে।”
অনুষ্ঠানে আমান ছাড়াও ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, তথ্য ও গবেষণা সস্পাদক হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০৬ ঘ.
bdnews24