২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার মুমূর্ষু বুঝেই মন্ত্রিত্ব প্রত্যাখ্যান’

বর্তমান সরকারের অবস্থাকে মুমূর্ষু রোগীর সঙ্গে তুলনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পরিস্থিতি ‘টের টেয়েই’ ক্ষমতাসীন জোটের দুই নেতা মন্ত্রিত্ব নিতে রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের অবস্থাকে মুমূর্ষু রোগীর সঙ্গে তুলনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পরিস্থিতি ‘টের টেয়েই’ ক্ষমতাসীন জোটের দুই নেতা মন্ত্রিত্ব নিতে রাজি হননি। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে রফিকুল ইসলাম মিয়া বলেন, “পুঁজিবাজার, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, রেলওয়ে, পদ্মাসেতু, হলমার্ক কেলেঙ্কারিতে এ সরকার নিমজ্জিত হতে বসেছে। সর্বশেষ তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মতো দুই জ্যেষ্ঠ নেতার মন্ত্রিসভায় যোগদানে না-রাজিই প্রমাণ করে সরকার মুমূর্ষু অবস্থায় আছে।” সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে সাতজন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার আমন্ত্রণ পেলেও তা প্রত্যাখ্যান করেন। এই সিদ্ধান্ত নেয়ায় তাদের ধন্যবাদ জানান বিএনপি নেতা রফিকুল। ‘হলমার্কসহ বিভিন্ন কেলেঙ্কারি ও অর্থমন্ত্রীর পদত্যাগ’ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বদেশ মঞ্চের উদ্যোগে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা লুট হয়ে গেল। তাহলে ওই ব্যাংকের আমানতাকরীদের অর্থ কীভাবে দেবে ব্যাংকটি। অন্যান্য রাষ্ট্রায়াত্ত ব্যাংক থেকেও ৫ হাজার কোটি টাকা লুট হয়েছে বলে খবর বেরিয়েছে।” “ওইসব লুটেরা লণ্ঠিত সম্পদ দেশে রাখেনি। বিদেশে পাচার করে দিয়েছে বলে আমরা ধারণা করছি”, বলেন রফিকুল ইসলাম মিয়া। হলমার্কের সব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করারও দাবি জানান তিনি। স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মানববন্ধনে বক্তব্য দেন। এদিকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিবাদে জাগপা ছাত্রলীগ জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন করে। সংগঠনের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব ও যুব জাগপার সভাপতি ইনসান আলম আক্কাস বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৫ ঘ.