ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দিচ্ছেন না ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
দলের সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুারোর সদস্য বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দলীয়ভাবে এ আমন্ত্রণ প্রত্যাখান করছি।”
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তোপখানা রোডে দলীয় কার্যালয়ে পলিট ব্যুারোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের সভাপতি রাশেদ খান মেনন এতে সভাপতিত্ব করেন।
সভার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিমল বিশ্বাস বলেন, “১৪ দলের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব এবং সরকারের ভাল কাজকে সংসদে ও সংসদের বাইরে সমর্থন দিয়ে যাব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমএইচপি/জেকে/১২৫০ ঘ.
bdnews24