ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে মন্ত্রিসভায় পরিসর বাড়াতে যাচ্ছেন শেখ হাসিনা, নতুন যারা যোগ হচ্ছেন রাজনীতিতে তারা সবাই পুরনো মুখ।
নতুন মন্ত্রী হিসেবে তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মুজিবুল হক শপথ নিতে যাচ্ছেন বলে বুধবার রাতে সরকারের একটি সূত্র জানিয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই শপথ নিতে যাচ্ছেন বলেও ওই সূত্র জানায়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নামগুলো ঠিক আছে।”
মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সফিউল আলম।
সরকার গঠনের পর এই নিয়ে মন্ত্রিসভায় চতুর্থ দফায় রদবদল হতে যাচ্ছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে মন্ত্রিসভায় যোগ হন রাজনীতিতে দুই পুরনো মুখ সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের।
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ২০০৯ সালের জানুয়ারিতে মন্ত্রিসভা গঠনের সময় পুরনোদের বাদ দিয়ে নতুনদের নিয়ে পথচলা শুরু করেছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
এরপর দুই দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ হলেও তাতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্তের মতো রথী-মহারথীদের ঠাঁই হয়নি। তিন বছর পর মন্ত্রিসভায় আসেন সুরঞ্জিত।
নতুন যোগ হতে যাওয়াদের মধ্যে তোফায়েল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। শেখ হাসিনার গত সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল জরুরি অবস্থার সময় সুরঞ্জিতের মতো সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পেয়ে দলীয় কর্মীদের সমালোচনার মুখে পড়েন।
মন্ত্রী হতে যাওয়া মহীউদ্দীন খান আলমগীর গত সরকারে টেকনোক্র্যাট হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় সামলেছেন। এই সংসদ সদস্য বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। সাবেক সচিব আলমগীর জরুরি অবস্থার সময় কারাভোগ করেছিলেন।
নতুন মন্ত্রী হতে যাওয়া মুজিবুল হক সংসদে হুইপের দায়িত্ব পালন করছেন। কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য তিনি।
শেখ হাসিনার মহাজোটের এই মন্ত্রিসভায় বর্তমানে শরিক দলগুলোর দুই নেতা মন্ত্রী হিসেবে রয়েছেন। তারা হলেন জাতীয় পার্টির জি এম কাদের ও সাম্যবাদী দলের দীলিপ বড়–য়া।
এখন মহাজোটের আরো দুই নেতা তার সঙ্গে যোগ হচ্ছেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। জাসদ সভাপতি ইনু টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
প্রতিমন্ত্রী হতে যাওয়া ওমর ফারুক রাজশাহী এবং আব্দুল হাই ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সংসদ সদস্য।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর পর কয়েকদফায় মন্ত্রিসভার পরিসর বাড়ে।
বর্তমান সরকারে পূর্ণ মন্ত্রীরা হলেন- মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, এ কে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, দীপু মনি, আফসারুল আমীন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, জি এম কাদের, হাছান মাহমুদ ও দিলীপ বড়–য়া।
প্রতিমন্ত্রীরা হলেন- শামসুল হক টুকু, আব্দুল মান্নান খান, মো. মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির নানক, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক, ডা. মজিবর রহমান ফকির, প্রমোদ মানকিন, মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মুস্তাফিজার রহমান ফিজার, দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মুন্নুজান সুফিয়ান, আহাদ আলী সরকার, শিরীন শারমিন চৌধুরী ও ইয়াফেস ওসমান।
প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়া সৈয়দ আবুল হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তানজিম আহমদ (সোহেল তাজ) পদত্যাগ করেন। রেলমন্ত্রী সুরঞ্জিত পদত্যাগ করলেও তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/এমআই/জেকে/১০২৫ ঘ.
bdnews24