২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযম ছিলেন খুনে বাহিনীর মাস্টার মাইন্ড’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে রাজাকার, আল বদরের মতো যেসব বাহিনী নিরীহ বাঙালির ওপর নির্বিচারে হত্যা নির্যাতন চালিয়েছিল, জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম সেসব বাহিনীর পেছনের প্রধান ব্যক্তি ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে বলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে মঙ্গলবার নিজের জবানবন্দি উপস্থাপন শেষ করেন সুলতানা কামাল। এরপর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দেয়া জবানবন্দিতে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোতে বিভিন্ন পত্রপত্রিকা ও বেতারে প্রচারিত সংবাদ থেকে তিনি জানতে পারেন আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সমর্থন ও সহায়তা দিয়েছে। আর গোলাম আযম ছিলেন এর ‘মাস্টার মাইন্ড’। জামায়াত ও শান্তি কমিটির অন্যতম নেতা হিসেবে গোলাম আযম সবার শীর্ষে ছিলেন বলেও জানান তিনি। সুলতানা কামাল আরো বলেন, “আমার স্পষ্ট মনে আছে’ ২৩ অগাস্ট লাহোরে ও ৩১ অগাস্ট হায়দ্রাবাদে গোলাম আযম পাকিস্তানি সেনাদের কর্মকা-ে সমর্থন দিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিবাহিনীকে নির্মূল করার আহ্বান জানান।” তিনি বলেন, এটা খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত যে, যখন পূর্ব পাকিস্তানে ব্যাপক যুদ্ধ শুরু হয় তখন গোলাম আযমের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন এবং সেসময় তিনি প্রেসিডেন্ট ইয়াহইয়া খানের সঙ্গে সাক্ষাৎ করতেও সক্ষম হন। তার উপর রাখা পাকিস্তানি বাহিনীর আস্থা ও বিশ্বাস গোলাম আযমের সগযোগিতা ও দালালির প্রতি ইঙ্গিত দেয়। “তিনি মুক্তিযোদ্ধাদের পেটানো উচিত বলে মন্তব্য করেন এবং শুধু রাজাকার বাহিনীই এ কাজে যথেষ্ট বলে উল্লেখ করেন।” সাক্ষ্যের শুরুতে সুলতানা কামাল বলেন, গোলাম আযম রাজাকার, শান্তি কমিটি, আল বদর ও আল শামসকে তাদের কাজের দার্শনিক ভিত্তি দেন এবং এগুলো গঠনের পরিকল্পনা করেন। মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে ১০ থেকে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গেও গোলাম আযমকে যুক্ত করেন এই সাক্ষী। সাক্ষ্য শেষে সুলতানা কামালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। বুধবার আবার ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। প্রয়াত কবি ও সমাজসেবী সুফিয়া কামালের মেয়ে সুলাতানা সোমবার সাক্ষ্যের প্রথম দিন ট্রাইব্যুনালকে জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের দিনগুলোতে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বিসরামগঞ্জে বাংলাদেশিদের জন্য চালু করা হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন। সে সময় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও আব্বাস আলী খানের মতো অনেকের নাম শুনেছিলেন। কিন্তু গোলাম আযমের নাম সবচেয়ে বেশি শোনা যেত। “মুক্তিবাহিনী ও শত্রুপক্ষের মধ্যে যুদ্ধে মুক্তিবাহিনীর বিপক্ষে নেতৃত্ব দানকারী হিসেবে গোলাম আযমের পরিচিতি ছিল।” সুলতানা কামাল জানান, সেই দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো। গেরিলা যোদ্ধারা ‘অপারেশন’ থেকে ফেরার পর তাদের কাছে দেশের খবর নিতেন এবং তখনকার সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে তিনি পরিস্থিতি জানতে পারতেন। মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযমকে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠানোর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই রয়েছেন। দেলাওয়ার হোসইন সাঈদী জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলি আসামি পক্ষের তৃতীয় সাক্ষীকে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির করতে পারেনি। সোমবার সাঈদীর পক্ষে নুরুল হক হাওলাদার সাক্ষ্য দেন এবং তাকে কিছু সময়ের জন্য জেরা করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। মঙ্গলবার আবার জেরা শুরুর কথা থাকলেও আসামি পক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম সাক্ষী অসুস্থ ও তাকে হাসপাতালে নেয়া হয়েছে জানিয়ে মুলতবির আবেদন জানান। এ সময় প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক বলেন, “কিন্তু তাকে তো অসুস্থ মনে হয়নি।” এর পরও তিনি আবেদন মঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২২০৯ ঘ.