ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক ছাড়াও রাষ্ট্রায়াত্ত অন্যান্য ব্যাংকে হলমার্কের মতো অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি।
এছাড়া অর্থ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ও জড়িত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা তিনি বলেন, “হলমার্কের ঘটনার সঙ্গে কেবল সংশ্লিষ্ট ব্যাংকের কিছু কর্মকর্তাই জড়িত নন। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ও জড়িত রয়েছে।”
“সরকারের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ছাড়া এভাবে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট হতে পারে না। আমরা সন্দেহ করছি, অন্যান্য ব্যাংকেও এ রকম ঘটনা ঘটেছে”, যোগ করেন তিনি।
স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
কেন্দ্রীয় ব্যাংক অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ারও সুপারিশ করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর বিরোধিতা করেন।
এ প্রসঙ্গ টেনে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “এ থেকে বোঝা যায় কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনসহ অর্থমন্ত্রী জড়িত রয়েছেন। ওই কেলেঙ্কারির ঘটনা তিনি আগে থেকেই জানতেন।”
‘অর্থনৈতিক ব্যর্থতা ও অব্যবস্থাপনার’ জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেন মোশাররফ।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘চতুর্থ কারা মুক্তি দিবস উপলক্ষে’ স্বদেশ মঞ্চের উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র ও খালেদা জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
পদ্মাসেতু প্রকল্পে ‘সরকারের দুর্নীতির’ সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “এখন এই দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল উঠেছে। কানাডায় বিচার চলছে। প্রধানমন্ত্রীর স্বজনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। কেবল তাই নয়, আজ প্রধানমন্ত্রীর আশেপাশে চোর-ডাকাত মন্ত্রী-উপদেষ্টা অবস্থান করছেন, যাদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে।”
বিরোধী দলের চলমান আন্দোলনে সরকারের পতন ঘটবে- এমন আশা প্রকাশ করে মোশাররফ বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দিবাস্বপ্ন সরকার দেখছে তা কখনো সফল হবে না।”
“স্বৈরাচার এরশাদও সেরকম স্বপ্ন দেখেছিল। ৯০ এর আন্দোলনে এরশাদের পতন হয়েছিল”, ক্ষমতাসীনদের মনে করিয়ে দেন তিনি।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের সভানেত্রী খালেদা ইয়াসমীন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন, স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৫০ ঘ.
bdnews24