২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: আদালতে প্রভাব বিস্তারের অভিযোগ

রাজধানীর শান্তিবাগে ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা মোজাম্মেল হোসেন মিলন হত্যা মামলার আসামি পক্ষ আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিবাগে ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা মোজাম্মেল হোসেন মিলন হত্যা মামলার আসামি পক্ষ আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ঢাকার আদালতপাড়ার সাংবাদিকদের কাছে নিহতের বড়ভাই আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন। তিনি বলেন, “আসামির জামিনের জন্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে আদালতে চাপ দেয়া হচ্ছে।” তবে কারা চাপ দিচ্ছেন বা জামিনের জন্য সুপারিশ করেছেন তা বলতে অপারগতা প্রকাশ করেন আবুল কালাম আজাদ। গত ২৮ মে মধ্যরাতে শান্তিবাগের ১৪৩ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় শর্টগান দিয়ে গুলি করে হত্যা করা হয় মোজাম্মেল হোসেন মিলনকে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলছে। রোববার এ মামলার একমাত্র আসামি হাফিজুরের জামিন আবেদনের শুনানি হয়। আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন বিচারক মো. আখতারুজ্জামান। সেদিন এ মামলায় বাদীর সাক্ষ্য নেয়ার দিনও ধার্য রয়েছে । মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় আসামি হাফিজুর রহমান খান তার স্ত্রী বেবী আক্তারকে নির্যাতন করতেন। পরে বেবি নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য শান্তিবাগের ১৪৩ নম্বর বাড়িতে বিভিন্ন সময়ই ভাই মিলনকে ডেকে আনতেন। খুনের ঘটনার দিনও তাকে ডেকে আনা হয়েছিল। ওই দিন রাতে বোনকে নির্যাতন করছিলেন আসামি হাফিজুর। এ সময় আসামি হাফিজুরকে শান্ত করার চেষ্টা করেন মিলন। কিন্ত কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি নিবন্ধনকৃত শটগান দিয়ে মিলনকে গুলি করে। পরে তিনি পালিয়ে যান। হাফিজুর আসামি হাফিজ কুমিল্লার চান্দিনার হাবিবুর রহমান টেক্সটাইল মিলসের সাবেক নির্বাহী পরিচালক। দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। জামিন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম বলেন, মিলনকে হত্যার উদ্দেশ্য ছিল না হাফিজুরের। ধস্তাধস্তির এক পর্যায়ে মিলনের গলায় গুলি লাগে। তিনি দাবি করেন, হাফিজুুরের স্ত্রী বেবীরই পরকীয়া আসক্ত ছিলেন। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। এ বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বলেন, এ কথা সম্পূর্ণ মিথ্যা। বেবীর পরকীয়ার কোনও প্রমাণ আসামি পক্ষ দেখাতে পারবে না। এদিকে রোববারই ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাফিজুরসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাফিজুরের স্ত্রী বেবীর দায়ের করা মারধর ও যৌতুকের মামলায় আসামিদের অব্যাহতির আবেদন শুনানির দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম ৩০ সেপ্টেম্বর ওই শুনানির জন্য দিন রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮১৯ ঘ.