ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার বিরোধী দলকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার ‘উস্কানি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হামলায় আহত চুয়াডাঙ্গা জেলা বিএনপির এক নেতাকে শনিবার হাসপাতালে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
বিকালে রাজধানীর মোহাম্মদপুরের শেফা নার্সিং হোমে চিকিৎসাধীন ‘সন্ত্রাসী’ হামলায় আহত চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাকে দেখতে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
শুক্রবার রাতে জেলা সভাপতি মোজাম্মেল হকের বাসায় ‘সন্ত্রাসী’ হামলায় গুরুতর আহত হন বুলা। তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর ছোট ভাই।
মির্জা ফখরুল বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা দাবি আদায়ের আন্দোলন করছি। কিন্তু আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারা (সরকার) ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় ’’
বিএনপির এই মুখপাত্র জানান, তার দল শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাবে যাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকার বাধ্য হয়।
চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি।
মির্জা ফখরুল দাবি করেন যে, শনিবার লক্ষ্মীপুরে যুবদলের সম্মেলনে সরকার দলীয় ‘সন্ত্রাসীরা’ হামলা ও গুলি চালিয়ে ১০ জনকে গুরুতর আহত করেছে। এ ঘটনার নিন্দাও জানান তিনি।
এ সময় শামসুজ্জামান দুদু ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদীর হোসেন জসিম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩৯ ঘ.
bdnews24