ঢাকার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক শক্তির বাইরে কারো কাছে আওয়ামী লীগ ক্ষমতা তুলে দেওয়ার ‘পাঁয়তারা’ করছে বলে সন্দেহ করছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি তার এই সন্দেহের কথা তুলে ধরেন। সংসদে শেখ হাসিনার ভাগ্নে ফজলে নূর তাপসের বক্তব্য তার এই সন্দেহের ভিত্তি।
ফারুক বলেন, “স্পিকারের রুলিং নিয়ে আজ বিচার বিভাগ ও সংসদ মুখোমুখি অবস্থানে। এরকম অবস্থায় শেখ মুজিবুর রহমানের পরিবারের একজন সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস গতকাল (বুধবার) সংসদে বিচারকদের পক্ষে কথা বলেছেন। এটা রহস্যজনক। তার বক্তব্য শুনে মনে হচ্ছে- সরকার অন্য একটি শক্তির কাছে ক্ষমতা দিয়ে সরে পড়তে চায়।”
সংসদ বর্জন করে আসা বিএনপির নেতা হাই কোর্টের রায়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে সংসদ সদস্যদের সরব হওয়ার আহ্বান জানান।
“সংসদ সার্বভৌম। রাষ্ট্রপতিকে যদি সংসদ ইম্পিচ করতে পারে, তাহলে কেন বিচারকদের ইম্পিচ করার ক্ষমতা সংসদের থাকবে না,” বলেন তিনি।
স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “সোয়া চার বছরে এক হাজারের ওপর মুলতবি প্রস্তাব ও নোটিস জমা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা, টিপাইমুখে বাঁধ নির্মাণ, সীমান্ত হত্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য আমরা নোটিস দিয়েছিলাম।
“অথচ আমাদের একটি নোটিসও স্পিকার গ্রহণ করেননি। এ থেকে বোঝা যায়, স্পিকার নিরপেক্ষ নন।”
“একদিকে বিরোধী দলের কোনো নোটিসই গ্রহণ করা হচ্ছে না। অন্যদিকে স্পিকার বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। আমরা বিনয়ের সঙ্গে স্পিকারকে বলতে চাই- আমাদের সদস্যরা আজো নোটিস জমা দিচ্ছেন। আপনি তা গ্রহণ করে নিরপেক্ষতা প্রমাণ করুন,” বলে ফারুক।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘দেশের অর্থনৈতিক দেউলিয়াত্ব ও সরকারের লুটপাট’ শীর্ষক ওই আলোচনা সভায় হলমার্ক কেলেঙ্কারি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা।
তিনি বলেন, “২০ টাকা উৎকোচ গ্রহণের জন্য এক রেলকর্মী রেলমন্ত্রীর থাপ্পড় খেয়েছেন। অথচ সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের ঘটনাকে অর্থমন্ত্রী বলছেন ‘মামুলি ব্যাপার’। ক্ষমতাসীনরা এভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংককে দেউলিয়া করে দিয়েছে।”
হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় ফারুক ছাড়াও বক্তব্য রাখেন আ ন ম এহছানুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নবী উল্লাহ নবী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24