ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্র এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্যরা।
বুধবার নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকে তারা এই পরামর্শ দেন। সংসদ ভবনে এই বৈঠক হয়।
বৈঠকে ছিলেন চট্টগ্রামে আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম বিএসসি, ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে নিউ মুরিং কন্টেইনারের দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই দরপত্র নিয়ে অপপ্রচার বন্ধ করে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে বলে তিনি জানান।
নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে। এখন দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই চলছে। দরপ্রস্তাবকারীদের মধ্যে একটি প্রতিষ্ঠান বাংলাদেশের, তা হল সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এনসিটির দরপত্র প্রক্রিয়ায় ১২টি শর্ত সংশোধন ও বিলুপ্ত করা নিয়ে নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আপত্তি জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন।
তার দাবি, সাইফ পাওয়ার টেককে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দিতে বারবার দরপত্রের শর্ত শিথিল করা হয়েছে।
‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’ ব্যানারে আন্দোলন করছেন মহিউদ্দিন। তার দাবি, “সুকৌশলে চট্টগ্রাম বন্দরকে ধ্বংসের জন্য চক্রান্ত চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৫৮ ঘ.
bdnews24